জোরো র‍্যাঞ্চের রহস্য: কিশোরীদের লাশ আর যৌন লালসার ভিডিও— এপস্টিন কাণ্ডে নতুন বিস্ফোরণ

মৃত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টিনের অপরাধের তালিকা যে কত দীর্ঘ, তার আরও এক নারকীয় প্রমাণ মিলল। সম্প্রতি প্রকাশিত ‘এপস্টিন ফাইলস’ থেকে জানা গিয়েছে, নিউ মেক্সিকোর দুর্গম ‘জোরো র‍্যাঞ্চ’-এ দুই বিদেশি কিশোরীর মরদেহ পুঁতে রাখার নির্দেশ দিয়েছিলেন এপস্টিন। নিউ মেক্সিকোর বিচার বিভাগ বুধবার এই অভিযোগের সক্রিয় তদন্ত শুরু করার কথা ঘোষণা করেছে।

২০১৯ সালের একটি গোপন ই-মেইল থেকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এক রেডিও সঞ্চালককে পাঠানো ওই ই-মেইলে দাবি করা হয়েছে, এপস্টিনের ওই খামারে অপ্রাপ্তবয়স্কদের ওপর ভয়াবহ যৌন নির্যাতন চালানো হতো এবং প্রমাণ লোপাটের জন্য দেহ পুঁতে রাখা হতো। এমনকি ওই খামারের ভিডিও ফুটেজে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তিকে অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে যৌনকাজে লিপ্ত থাকতে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। এই নতুন তথ্য এখন মার্কিন রাজনীতিতে বিশেষ করে ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।