মাঠে আচমকা হাজির বিষাক্ত মৌমাছির ঝাঁক, হুলের জ্বালায় ছুটোছুটি! মাঠেই নিথর হয়ে গেলেন আম্পায়ার মানিক গুপ্ত

ক্রিকেট মাঠে বলের আঘাতে মৃত্যু বা গুরুতর জখম হওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু উত্তরপ্রদেশের কানপুরে যা ঘটল, তা আধুনিক ক্রিকেটের ইতিহাসে বিরল এবং অত্যন্ত মর্মান্তিক। কোনো মারণ বাউন্সার নয়, বরং একদল বিষাক্ত পতঙ্গের হামলায় মাঠেই প্রাণ হারালেন অভিজ্ঞ আম্পায়ার মানিক গুপ্তা।
কানপুরে আয়োজিত অনূর্ধ্ব-১৩ বিভাগের একটি ম্যাচ চলাকালীন এই ভয়াবহ কাণ্ড ঘটে। মাঠের দুই প্রান্তে দুই আম্পায়ার এবং মাঝখানে খুদে ক্রিকেটাররা—সবই ঠিকঠাক ছিল। হঠাৎই কোত্থেকে এক বিশাল মৌমাছির ঝাঁক ধেয়ে আসে মাঠের মাঝখানে। কিছু বুঝে ওঠার আগেই মৌমাছিরা ঝাঁপিয়ে পড়ে খেলোয়াড় থেকে শুরু করে আম্পায়ার এবং দর্শকদের ওপর। শুরু হয় হুল ফোটানো। যন্ত্রণায় মাঠের মধ্যেই চিৎকার শুরু করেন ক্রিকেটাররা। প্রাণে বাঁচতে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকেন সবাই।
আম্পায়ারের করুণ পরিণতি: মৌমাছির এই ভয়াবহ আক্রমণের শিকার হন ৬৫ বছর বয়সী আম্পায়ার মানিক গুপ্তা। জানা গেছে, মৌমাছিরা তাঁকে এমনভাবে ঘিরে ধরে যে তিনি পালানোর সুযোগ পাননি। অসংখ্য বিষাক্ত হুল বিদ্ধ হওয়ায় তিনি মাঠেই লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত কানপুরের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
তছনছ ক্রিকেট ম্যাচ: মৌমাছির কামড়ে কেবল আম্পায়ার নন, আহত হয়েছেন বহু খেলোয়াড় ও দর্শক। তাঁদের অনেকের অবস্থাই গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসা চলছে। হুট করে কেন মৌমাছিরা এভাবে মাঠে আক্রমণ চালাল, তা এখনও রহস্যের। তবে এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অতি পরিচিত আম্পায়ার মানিক গুপ্তার এই আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই।