দলাল স্ট্রিটে আইটি বিপর্যয়! ১৫ দিনে ১১,০০০ কোটির শেয়ার বিক্রি বিদেশি বিনিয়োগকারীদের

ভারতীয় আইটি সেক্টর বা তথ্যপ্রযুক্তি ক্ষেত্র কি তবে তার সোনালী দিন হারিয়ে ফেলছে? বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (FIIs) সাম্প্রতিক পদক্ষেপে এমনটাই ইঙ্গিত মিলছে। এনএসডিএল (NSDL)-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনেই ভারতীয় আইটি কোম্পানিগুলি থেকে প্রায় ১০,৯৫৬ কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এর ফলে গত চার বছরের মধ্যে আইটি সেক্টরে বিদেশি বিনিয়োগের পরিমাণ এখন সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।

নেপথ্যে জেনারেটিভ এআই-এর আতঙ্ক বাজার বিশেষজ্ঞদের মতে, এই গণ-বিক্রির পেছনে মূল কারণ হলো ‘জেনারেটিভ এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান শক্তি। বিনিয়োগকারীরা মনে করছেন, এআই যদি কোডিং এবং সফটওয়্যার তৈরির কাজ একাই সামলে দেয়, তবে ভারতের বড় আইটি সংস্থাগুলির ভবিষ্যৎ সঙ্কটে পড়বে। বিশেষ করে হিউম্যান কোডিং এবং সাপোর্ট সার্ভিসের ওপর নির্ভরশীল টিসিএস, ইনফোসিস এবং উইপ্রোর মতো সংস্থাগুলির প্রয়োজন কমে যাওয়ার আশঙ্কায় হাত গুটিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা।

শেয়ার বাজারে রক্তস্নান এই বিনিয়োগ হ্রাসের জেরে বড়সড় পতনের মুখে পড়েছে ভারতের নামী তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। ফেব্রুয়ারিতে এখনও পর্যন্ত ইনফোসিসের শেয়ারের দর কমেছে ১৬.৫ শতাংশ। টিসিএস এবং এইচসিএল টেকনোলজিসের দরে প্রায় ১৪ শতাংশ পতন দেখা গিয়েছে। নিফটি আইটি সূচক এক ধাক্কায় ১৪ শতাংশ নেমে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ দেশীয় বিনিয়োগকারীদেরও। কেবল বিদেশি বিনিয়োগকারী নয়, এই পতনের জেরে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলিরও প্রায় ৫০,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।