চিকিৎসা না পাওয়া পর্যন্ত সমানে টোকা জানলায়! জার্মানির হাসপাতালে পাখির কাণ্ড দেখে তাজ্জব চিকিৎসকরা

মানুষ বিপদে পড়লে হাসপাতালের পথ ধরেন, এটাই স্বাভাবিক। কিন্তু বনের এক অবলা পাখিও যে জানে কোথায় গেলে সুস্থ হওয়া যায়, তার এক অনন্য নজির দেখা গেল জার্মানিতে। চঞ্চুতে গেঁথে যাওয়া এক বিষাক্ত মাছ ধরার বঁড়শি নিয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে একাই হাসপাতালের জরুরি বিভাগে হাজির হলো এক বুদ্ধিমান পাখি।

চিকিৎসকদের নজর কাড়তে জানলায় টোকা জার্মানির ওই হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, জরুরি বিভাগের জানলার কাচে বারবার ঠোঁট দিয়ে টোকা মারছিল পাখিটি। এক নার্সের নজরে আসতেই দেখা যায়, পাখিটির ঠোঁটে তিনটি হুক বিশিষ্ট একটি ধাতব বঁড়শি বেকায়দায় আটকে রয়েছে। সাহায্যের জন্য আকুতি জানাচ্ছিল ওই ছোট্ট জীবটি।

দমকল ও চিকিৎসকদের যৌথ অপারেশন পাখিটি যাতে নড়াচড়া না করে, সেজন্য দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এক দমকলকর্মী পাখিটিকে পরম মমতায় ধরে রাখেন এবং হাসপাতালের চিকিৎসকরা অত্যন্ত সাবধানে চঞ্চু থেকে বঁড়শিটি বের করে আনেন। আশ্চর্যের বিষয় হলো, চিকিৎসার পুরো সময়টা একটুও ছটফট করেনি পাখিটি। যেন সে জানত যে চিকিৎসকরা তাকে সুস্থ করতেই কাজ করছেন। ড্রেসিং করার পর সুস্থ অবস্থায় তাকে হাসপাতালের পাশের এক উদ্যানে ছেড়ে দেওয়া হয়। বনের পাখির এমন ‘মানবিক’ বোধ দেখে মুগ্ধ হাসপাতাল কর্তৃপক্ষ।