প্রশ্নপত্রে গলদ! উচ্চ মাধ্যমিকে অংক পরীক্ষা দিয়েই ক্ষোভ পড়ুয়াদের, ভুল শুধরে দরাজ হস্ত সংসদ।

২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের অংক পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্কে ইতি টানল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবারের পরীক্ষায় প্রশ্নপত্র হাতে পেয়েই মাথায় হাত পড়েছিল পরীক্ষার্থীদের একাংশের। অভিযোগ ওঠে, অন্তত তিনটি প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে। বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়ে সংসদের তরফে পড়ুয়াদের স্বার্থে এক বড়সড় ঘোষণা করা হয়েছে।
১০ নম্বর বোনাস পাওয়ার সুযোগ সংসদ সূত্রে জানানো হয়েছে, গণিত প্রশ্নপত্রের ২বি, ১১বি এবং ১১সি নম্বর প্রশ্নগুলি বর্তমান পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল না। এই তিনটি প্রশ্নের মোট মান ছিল ১০ (২+৪+৪)। সংসদ জানিয়েছে, যে সমস্ত পরীক্ষার্থী এই প্রশ্নগুলি উত্তর দেওয়ার ন্যূনতম চেষ্টাও করেছেন, তাঁদের প্রত্যেককে পূর্ণ নম্বর দেওয়া হবে। অর্থাৎ, সিলেবাস-বহির্ভূত প্রশ্নের জন্য কোনো পড়ুয়াই যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করছে সংসদ।
শিক্ষক ও শিক্ষানুরাগী মহলের প্রতিক্রিয়া নারায়ণ দাস বাঙুর মাল্টিপারপাস স্কুলের অংকের শিক্ষক গৌরাঙ্গ সরখেল সহ একাধিক শিক্ষক সরব হয়েছিলেন অবকল সমীকরণ (Differential Equation) অংশের কয়েকটি প্রশ্ন নিয়ে। তাঁদের দাবি ছিল, প্রচলিত রেফারেন্স বইতেও এই অংশগুলি সিলেবাসের বাইরে বলে চিহ্নিত করা আছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানান, এমনিতেই চতুর্থ সেমেস্টারে ক্লাসের সময় কম ছিল, তার ওপর কঠিন ও সময়সাপেক্ষ প্রশ্ন পড়ুয়াদের উদ্বেগে রেখেছিল। সংসদের এই দ্রুত সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে ৫ লক্ষাধিক পরীক্ষার্থী।