“সুপার-এইটের সব প্রস্তুতি সারা!” নেদারল্যান্ডসকে হারিয়ে হুঙ্কার ভারত অধিনায়ক সূর্যকুমারের

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দাপট বজায় রেখে অল-উইন রেকর্ড নিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার-এইটে পৌঁছে গেল ভারত। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে নিজেদের অপরাজিত তকমা ধরে রাখল ‘মেন ইন ব্লু’। তবে ডাচদের বিরুদ্ধে জয়টা খুব একটা সহজ ছিল না। এক সময় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত চাপে থাকলেও, শেষ পর্যন্ত অধিনায়ক সূর্যকুমার যাদবের মুখে শোনা গেল স্বস্তির সুর। তাঁর মতে, সুপার-এইটে যাওয়ার আগে দলের যে যে জায়গায় উন্নতির প্রয়োজন ছিল, তার সবকটিতেই ‘টিক’ পড়েছে।

বুধবারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল। ঠিক সেই সময় ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন শিবম দুবে। মাত্র ৩১ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে ১৯৩ রানের লড়াকু স্কোরে পৌঁছে দেন তিনি। বল হাতেও জোড়া উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন দুবেই। অধিনায়ক সূর্যকুমার তাঁর প্রশংসা করে বলেন, “দুবের ব্যাটিং মিডল ওভারে আমাদের ওপর থেকে সব চাপ সরিয়ে দিয়েছে। শিশির থাকা সত্ত্বেও বোলাররা দারুণ লড়েছে।”

জয়ের স্বস্তি থাকলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অধিনায়ক। তিনি জানান, “আমরা ১৯০ রানের টার্গেটই রেখেছিলাম। জয় সত্ত্বেও বেশ কিছু ছোটখাটো জায়গা নজরে এসেছে যেগুলো নিয়ে আরও কাজ করতে হবে।” আগামী ম্যাচে পিচের চরিত্র বুঝে ব্যাটারদের খেলার পরামর্শ দিয়েছেন তিনি। ভারতের ব্যাটিং গভীরতা নিয়ে আত্মবিশ্বাসী সূর্যকুমার মনে করেন, দলের যে কেউ ম্যাচ ফিনিশ করার ক্ষমতা রাখে। বরুণ চক্রবর্তীর ৩ উইকেটের ঘূর্ণি আর দুবের অলরাউন্ড পারফরম্যান্স সুপার-এইটের আগে ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিল।