প্রতীকের পর কি এবার দীপ্সিতা? সদস্যপদ নবীকরণ না করায় সিপিএমের ‘অগ্নিকন্যা’কে নিয়ে তুঙ্গে জল্পনা!

বঙ্গ রাজনীতিতে এখন বামেদের তরুণ প্রজন্মের নেতাদের ঘিরে জল্পনার শেষ নেই। ডায়মন্ড হারবারের প্রতীক-উর রহমানকে নিয়ে গুঞ্জন থিতিয়ে যাওয়ার আগেই এবার চর্চার কেন্দ্রে সিপিএমের অন্যতম পরিচিত মুখ দীপ্সিতা ধর। জেএনইউ-এর প্রাক্তনী তথা লড়াকু ছাত্রনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই নেত্রী এখনও দলের প্রাথমিক সদস্যপদ নবীকরণ (রিনিউয়াল) করাননি বলে খবর। ১৯ ফেব্রুয়ারি পেরিয়ে গেলেও তাঁর সদস্যপদ রিনিউ না হওয়া নিয়ে দলের অন্দরেই কানাঘুষো শুরু হয়েছে।
সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে সদস্যপদ নবীকরণ হয়। তবে জেলা ও কেন্দ্রীয় স্তরের সদস্যদের প্রক্রিয়াটি সাধারণত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সেরে ফেলা হয়। দীপ্সিতার সদস্যপদ দিল্লিতে হলেও তাঁর মতো হাই-প্রোফাইল নেত্রীর ক্ষেত্রে এই দেরি স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলের নজর কেড়েছে। বিশেষ করে শ্রীরামপুর লোকসভায় আড়াই লক্ষের কাছাকাছি ভোট পাওয়ার পর যখন শোনা যাচ্ছিল তিনি উত্তরপাড়া বিধানসভা থেকে প্রার্থী হতে পারেন, ঠিক সেই সময়ই মীনাক্ষী মুখোপাধ্যায়কে ওই আসনে ভাবা নিয়ে দীপ্সিতার অসন্তোষের জল্পনা ডালপালা মেলেছে।
এই ইস্যুতে অবশ্য আত্মবিশ্বাসী দীপ্সিতা ধর। তিনি জানিয়েছেন, “আমার সদস্যপদ দিল্লিতে। নিয়ম অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত সময় আছে। সদস্যপদ রিনিউয়াল একান্তই দলের অভ্যন্তরীণ বিষয়, এটা সংবাদমাধ্যমে আলোচনার বিষয় কেন হবে জানি না।” তবে ঘনিষ্ঠ মহলে প্রতীক-উর রহমানের পদক্ষেপ নিয়ে দীপ্সিতা উদ্বেগ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। সম্প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিতর্কসভাতেও তাঁকে দেখা যায়নি। এখন দেখার, ৩১ মার্চের সময়সীমার মধ্যে দীপ্সিতা তাঁর সদস্যপদ রিনিউ করেন কি না, নাকি বঙ্গ সিপিএমে তরুণ প্রজন্মের নেতৃত্বে ফের বড় কোনও ভাঙন দেখা দেবে।