পরকীয়ার সন্দেহে তুলকালাম! স্কুলশিক্ষক স্বামীকে মাঝরাস্তায় পেটালেন স্ত্রী, মা ও বোনের সামনেই রণক্ষেত্র উত্তরপ্রদেশ

প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে স্বামী-স্ত্রীর তুমুল লড়াই! উত্তেজনার পারদ চড়তে চড়তে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে, ভরা রাস্তায় স্বামীকে কষিয়ে চড় মারলেন স্ত্রী। অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে কিল-ঘুষি— কিছুই বাদ গেল না। বুধবার উত্তরপ্রদেশের সীতাপুরে ঘটে যাওয়া এই পৈশাচিক ‘ড্রামা’র জেরে রাস্তায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।

বোরখা পরে নজরদারি ও অতর্কিত হামলা: পুলিশ জানিয়েছে, সীতাপুরের টাম্বুরের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় নগর মঙ্গলবার স্কুল থেকে ফিরছিলেন। ফিরোজাবাদের বাসিন্দা অজয় গাড়িতে করে ফেরার সময় সুমলি স্কুলের সামনে নামতেই ঘটে বিপত্তি। বোরখা পরা এক যুবতী অনেকক্ষণ ধরে তাঁর পিছু নিচ্ছিলেন। অজয় গাড়ি থেকে নামতেই ওই যুবতী তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় চড়-থাপ্পড় আর গালিগালাজ। এমনকি রাগের মাথায় গাড়ির জানলার কাঁচও ভেঙে দেন ওই যুবতী। বোরখা সরাতেই দেখা যায়, তিনি আর কেউ নন, স্বয়ং অজয়ের স্ত্রী! পরকীয়ার সন্দেহে স্বামীকে হাতেনাতে ধরতেই এই লঙ্কাকাণ্ড।

অতীতের স্মৃতি ও করবা চৌথের কাণ্ড: এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে কয়েক মাস আগের ইন্দোরের এক ভাইরাল ভিডিওকে। সেখানে করবা চৌথের দিন স্বামীর দীর্ঘায়ু কামনায় উপোস করেছিলেন স্ত্রী, আর স্বামী ব্যস্ত ছিলেন প্রেমিকাকে নিয়ে শপিং করতে। মাঝরাস্তায় সেই স্বামীকে প্রেমিকার হাত ধরা অবস্থায় পাকড়াও করেছিলেন স্ত্রী। প্রায় দেড় ঘণ্টা ধরে চলেছিল সেই হাইভোল্টেজ ড্রামা। সীতাপুরের ঘটনায় অজয় অবশ্য পরে থানায় জানিয়েছেন, এটি পরকীয়া নয়, নিছকই দাম্পত্য কলহ। তবে ভরা রাস্তায় স্ত্রীর হাতে চড় খাওয়ার সেই ভিডিও এখন নেটপাড়ায় চর্চার তুঙ্গে।