‘কবে ফিরব জানি না’, বম্বে হাইকোর্টে সাফ জবাব বিজয় মালিয়ার! তবে কি অধরাই থেকে যাবেন লিকার ব্যারন?

কয়েক হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত লিকার ব্যারন বিজয় মালিয়া কি আদৌ ভারতের মাটিতে পা রাখবেন? বুধবার বম্বে হাইকোর্টে মালিয়ার দেওয়া বয়ান সেই জল্পনাকে আরও উসকে দিল। পলাতক এই ব্যবসায়ী আদালতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কবে ভারতে ফিরবেন বা আদৌ ফিরতে পারবেন কি না, সে বিষয়ে কোনও নির্দিষ্ট দিনক্ষণ বলা তাঁর পক্ষে সম্ভব নয়।

আইনি জটিলতার অজুহাত ২০১৬ সাল থেকে লন্ডনে আশ্রিত ৭০ বছর বয়সী বিজয় মালিয়ার আইনজীবী অমিত দেশাই আদালতে জানান, তাঁর মক্কেলের ভারতে ফেরার পথে একাধিক আইনি বাধা রয়েছে। প্রথমত, ভারত সরকার মালিয়ার পাসপোর্ট বাতিল করে দেওয়ায় তাঁর কাছে বর্তমানে কোনও বৈধ আন্তর্জাতিক ভ্রমণের নথি নেই। দ্বিতীয়ত, ইংল্যান্ড এবং ওয়েলসের আদালতের নির্দেশ অনুযায়ী, ব্রিটিশ ভূখণ্ড ছেড়ে কোথাও যাওয়ার অনুমতি নেই মালিয়ার।

আদালতের কড়া অবস্থান গত সপ্তাহে প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম অখণ্ডের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, মালিয়া সশরীরে দেশে না ফিরলে তাঁর দায়ের করা মামলার শুনানি হবে না। মালিয়া ভারত সরকারের দেওয়া ‘পলাতক আর্থিক অপরাধী’ (Fugitive Economic Offender) তকমা এবং সংশ্লিষ্ট আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন। কিন্তু আদালত সাফ জানিয়ে দেয়, আবেদনকারীকে আগে দেশে ফিরতে হবে।

পরবর্তী পদক্ষেপ মালিয়ার আইনজীবীর দাবি, শুনানির জন্য মালিয়ার সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক নয়। তাঁর যুক্তি, মালিয়া যদি ভারতে ফিরতেই পারতেন, তবে এই মামলাগুলির গুরুত্বই থাকত না। আদালত আপাতত বিজয় মালিয়ার এই বয়ানের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের জবাব তলব করেছে। আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। ভারত সরকার তাঁকে দেশে ফেরাতে মরিয়া হলেও, মালিয়ার এই বয়ান প্রত্যর্পণ প্রক্রিয়ায় নতুন করে ধন্দ তৈরি করল।