আইপ্যাক মামলায় বড় আপডেট: আজও হল না শুনানি, ১৮ মার্চ পর্যন্ত স্বস্তিতে মমতা!

হাইভোল্টেজ আইপ্যাক (IPAC) মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। বুধবার নির্ধারিত শুনানি হওয়ার কথা থাকলেও, নথিপত্র সংক্রান্ত জটিলতায় তা আগামী ১৮ মার্চ পর্যন্ত পিছিয়ে দিলেন বিচারপতি। সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন আদালতকে জানান, ইডির তরফে আজকের মধ্যেই ‘রিজয়েন্ডার’ ফাইল করা হবে। অন্যদিকে, রাজ্যের তরফে ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় সংস্থাকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সংঘাতের সূত্রপাত: তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে আর্থিক পাচার মামলায় হানা দিয়েছিল ইডি। সেই তল্লাশি চলাকালীনই সেখানে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র জোর করে কেড়ে নিয়েছেন। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। অন্যদিকে, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, ওই ফাইলগুলিতে দলের নির্বাচনী রণকৌশল সংক্রান্ত গোপন তথ্য ছিল এবং তা রক্ষা করা তাঁর দলের স্বার্থে জরুরি ছিল।
মুখ্যমন্ত্রীর পালটা চ্যালেঞ্জ: এই ঘটনাকে কেন্দ্র করে ইডির সঙ্গে তৃণমূল সুপ্রিমোর সংঘাত চরমে পৌঁছায়। যাদবপুরে বিশাল মিছিল করে মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়েছিলেন, “আমাকে আঘাত করলে আমি পুনর্জীবন পাই। কী করবে? আমায় জেলে ভরবে?” তিনি ইডির এই পদক্ষেপকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই বর্ণনা করেছিলেন।
কেন বারবার পিছোচ্ছে শুনানি? এর আগে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের অসুস্থতার কারণে শুনানি পিছিয়েছিল। সলিসিটর জেনারেলের প্রস্তাবেই আজকের দিনটি (১৮ ফেব্রুয়ারি) ধার্য হয়েছিল। কিন্তু বুধবার সলিসিটর জেনারেল জানান, নথিপত্র জমা দেওয়ার প্রক্রিয়া এখনও জারি রয়েছে। আদালত জানিয়েছে, মামলাটি দোলের ছুটির পর ফের নথিভুক্ত হবে। অর্থাৎ, আগামী ১৮ মার্চ পর্যন্ত এই হাই-প্রোফাইল মামলার আইনি লড়াইয়ের ভাগ্য ঝুলেই রইল।