রাজ্যসভা নির্বাচনে বড় ধামাকা: বাংলার ৫ আসনে ভোট ১৬ মার্চ, কারা যাচ্ছেন দিল্লি?

আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার ঠিক আগেই জাতীয় রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। বুধবার কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গ-সহ দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তালিকায় বাংলার ৫টি গুরুত্বপূর্ণ আসন রয়েছে, যার মেয়াদ শেষ হতে চলেছে আগামী ২ এপ্রিল।

এক নজরে নির্বাচনী সূচি: কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছে ৫ মার্চ। ৬ মার্চ হবে আবেদনপত্র যাচাই বা স্ক্রুটিনি। যদি কোনো প্রার্থী নাম প্রত্যাহার করতে চান, তবে ৯ মার্চের মধ্যে তা করতে হবে। এরপর ১৬ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ওই দিনই বিকেল ৫টায় শুরু হবে গণনা।

কোন রাজ্যে কটি আসন? তালিকায় সবচেয়ে বেশি আসন খালি হচ্ছে মহারাষ্ট্রে (৭টি)। এরপরই রয়েছে তামিলনাড়ু (৬টি)। পশ্চিমবঙ্গ ও বিহার থেকে ৫ জন করে সাংসদ অবসর নিচ্ছেন। এছাড়াও ওড়িশায় ৪টি, অসমে ৩টি, তেলঙ্গানা, ছত্তিশগড় ও হরিয়ানায় ২টি করে এবং হিমাচল প্রদেশে ১টি আসনে ভোট হবে।

বাংলার ৫ আসনে নজর: পশ্চিমবঙ্গ থেকে যে ৫ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের সুব্রত বক্সী, সাকেত গোখেল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সিপিএমের বর্ষীয়ান সাংসদ তথা প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম বেনজির নূরের আসনটিও শূন্য হচ্ছে। বর্তমান বিধানসভার পাটিগণিত অনুযায়ী, ৪টি আসনে তৃণমূলের জয় কার্যত নিশ্চিত। প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি একটি আসন পেতে পারে। তবে পঞ্চম আসনটি নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। শাসক বা বিরোধী শিবির যদি অতিরিক্ত প্রার্থী দেয়, তবেই ১৬ মার্চ কলকাতায় বিধানসভার অন্দরে ভোটাভুটি এবং আসল স্নায়ুযুদ্ধ দেখা যাবে।