মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক বানাতে চান অনুভব সিনহা! দিদির কোন ম্যাজিকে মজেছেন পরিচালক?

বলিউডের সমকালীন সময়ের অন্যতম সাহসী এবং ভিন্নধারার পরিচালক অনুভব সিনহা এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনকে সেলুলয়েডে বন্দি করতে চান। ‘মুলক’, ‘আর্টিকেল ১৫’ বা ‘থাপ্পড়’-এর মতো সামাজিক দায়বদ্ধতামূলক ছবি তৈরির পর অনুভব মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনকাহিনি অত্যন্ত আকর্ষণীয় এবং বৈচিত্র্যময়। নিজের নতুন ছবি ‘আশি’-র প্রচারে এসে টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইচ্ছার কথা জানান পরিচালক।
অনভবের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত শক্তিশালী ও আকর্ষণীয় ব্যক্তিত্ব। তিনি এমন এক নারী রাজনীতিবিদ, যিনি শূন্য থেকে লড়াই শুরু করে আজ এই জায়গায় পৌঁছেছেন। বাংলা রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন একটি রাজ্য, আর সেখানে তিনি একেবারে মাঠে নেমে রাজনীতি করেন। এমন একজন মানুষের জীবনে অনেক চড়াই-উতরাই থাকে, যা সিনেমার জন্য দারুণ রসদ।” যদিও তিনি স্বীকার করেছেন, দিদির জীবনী নিয়ে ছবি করা সহজ নয়। কারণ হিসেবে তিনি বলেন, “উনার সম্পর্কে ব্যক্তিগতভাবে অনেক কিছুই জানি না। ছবিটা করতে গেলে ওঁর সঙ্গে সময় কাটাতে হবে। একবার ফিল্ম ফেস্টিভ্যালে উনাকে পনেরো ফুট দূরত্ব থেকে দেখেছিলাম, তখনই বুঝেছি উনি কতটা মাটির মানুষ।”
সাক্ষাৎকারে উঠে আসে আরজি কর কাণ্ডের প্রসঙ্গও। বর্তমান সময়ে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে পরিচালক আক্ষেপের সুরে বলেন, “এই পৃথিবীটা ছেলেরা নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। আরজি করের ঘটনা আমি জানি, যা অত্যন্ত জঘন্য এবং করুণ।” অনুভব আরও জানান, বাংলার সংস্কৃতির সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর দিদির বিয়ে হয়েছে কলকাতায়, এমনকি মৃণাল সেনের ‘একদিন প্রতিদিন’ ছবিটি দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। এই বাঙালি যোগই তাঁকে হয়তো বাংলার ‘অগ্নিকন্যা’-র জীবন নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করছে। উল্লেখ্য, অনুভবের পরবর্তী ছবি ‘আশি’ একটি কোর্টরুম ড্রামা, যেখানে ফের একবার দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে।