পুলিশের সামনেই চলল লাঠিসোটা? বসিরহাটে বিজেপি-তৃণমূল সংঘর্ষে চরম উত্তেজনা!

উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় রাজনৈতিক পারদ চড়ল চরম সীমায়। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার মিনাখাঁ। বামুনপুকুর এলাকায় বিজেপি-র দলীয় কার্যালয়ে ভয়াবহ হামলার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, সাংগঠনিক বৈঠক চলাকালীন অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। লাঠিসোটা নিয়ে বিজেপি কর্মীদের মারধর করার পাশাপাশি অফিসের বাইরে থাকা একের পর এক বাইক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় অন্তত ১০-১১ জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, দলীয় কার্যালয়ের সামনে সার দিয়ে দাঁড়িয়ে থাকা মোটরবাইকগুলোতে বেধড়ক ভাঙচুর চালানো হচ্ছে। বিজেপি-র বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যর দাবি, “তৃণমূল নেতা সইফুদ্দিনের নেতৃত্বে এই সুপরিকল্পিত হামলা চালানো হয়েছে। প্রায় ৩০-৩৫টি বাইক ভেঙে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, হামলার পর থেকে আমাদের বেশ কিছু নেতাকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।” বিজেপির আরও গুরুতর অভিযোগ, অকুস্থলের ঢিল ছোড়া দূরত্বে থানা হওয়া সত্ত্বেও পুলিশ দীর্ঘক্ষণ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। পরবর্তীতে উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে বিজেপি কর্মীদের উদ্ধার করা হয়।

অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, এলাকায় পতাকা লাগানোকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই দু-পক্ষের মধ্যে চাপা উত্তেজনা ছিল। তার জেরেই এই সংঘর্ষ কি না, তা খতিয়ে দেখছে মিনাখাঁ থানার পুলিশ। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার প্রেক্ষিতে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।