TMC Rajya Sabha Candidates: রাজ্যসভায় তৃণমূলের ৫ প্রার্থী কারা? বিধানসভার আগে বড় চমকের প্রস্তুতি নবান্নে!

রাজ্যসভার পাঁচটি শূন্য আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কারা হতে চলেছেন, তা নিয়ে এখন বাংলার রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই মনোনয়ন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, এবারের প্রার্থী তালিকায় বড়সড় চমক দিতে চলেছে জোড়াফুল শিবির। বিশেষ করে ‘বাঙালি আবেগ’ এবং সংসদের ভেতরে জোরালো সওয়াল করতে পারবেন—এমন পোড়খাওয়া ও অভিজ্ঞ মুখদেরই প্রাধান্য দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, আরজি কর আবহে জহর সরকারের ইস্তফা এবং সম্প্রতি মৌসম বেনজির নুরের দলত্যাগ ও কংগ্রেসে যোগদানের ফলে রাজ্যসভার সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। এছাড়া তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সাংসদ পদের মেয়াদও শেষ হচ্ছে। অতীতে দীনেশ ত্রিবেদী, অর্পিতা ঘোষ কিংবা লুইজিনহো ফালেরিওদের মতো নাম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চললেও, এবার দল অনেক বেশি সতর্ক। দলীয় সূত্রে খবর, এমন ব্যক্তিদের বেছে নেওয়া হবে যারা কেবল রাজনৈতিকভাবে দক্ষই নন, বরং রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা বিরোধীদের আক্রমণের যোগ্য জবাব দিতে পারবেন। অন্যদিকে, বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে রাজ্যসভায় বাংলা থেকে বামেদের প্রতিনিধিত্ব এবার আক্ষরিক অর্থেই ‘শূন্য’ হতে চলেছে। ফলে বিধানসভার আগে এই ৫টি আসন দখল করে দিল্লি জয়ের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে যেতে চাইছে তৃণমূল।