বিশ্বমঞ্চে বাংলার জয়গান! গোবিন্দভোগ-তুলাইপাঞ্জি-কনকচূড়কে ‘হেরিটেজ’ তকমা দিল রাষ্ট্রপুঞ্জ

বাংলার কৃষিক্ষেত্র ও খাদ্য সংস্কৃতির মুকুটে যুক্ত হল এক উজ্জ্বল পালক। রাজ্যের তিনটি বিখ্যাত সুগন্ধি চাল— গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচূড়কে আন্তর্জাতিক ‘খাদ্য ও সংস্কৃতি ঐতিহ্য’ (Food & Culture Heritage) হিসেবে স্বীকৃতি দিল রাষ্ট্রপুঞ্জের অধীনে থাকা খাদ্য ও কৃষি সংস্থা (FAO)। বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর ভাগ করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বীকৃতির শংসাপত্রগুলি পোস্ট করে তিনি এই কৃতিত্ব বাংলার কৃষক ভাই-বোনদের উৎসর্গ করেছেন।
পাশাপাশি, আন্তর্জাতিক স্তরে বিপুল সমাদৃত হয়েছে রাজ্য সরকারের ‘মাটির সৃষ্টি’ প্রকল্পটিও। পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও ঝাড়গ্রামের মতো রুক্ষ জেলাগুলিতে অনুর্বর জমিকে উর্বর করে তোলার যে দিশারি উদ্যোগ ২০২০ সালে শুরু হয়েছিল, তাকে বিশেষ শংসাপত্র দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয়েছে, অন্যদিকে তেমনই লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে। এই জোড়া আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বদরবারে পশ্চিমবঙ্গের কৃষি ও উন্নয়নমূলক কাজের শ্রেষ্ঠত্বকেই ফের প্রমাণ করল।