WB Police Update: স্থগিত হবে না নিয়োগ প্রক্রিয়া, ফিজিক্যাল টেস্ট নিয়ে মামলাকারীদের জোর ধাক্কা আদালতের!

রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় আইনি স্বস্তি পেল রাজ্য সরকার। শারীরিক উচ্চতা যাচাই (PMT) পর্বে বাদ পড়া হাজার হাজার প্রার্থীর পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন বুধবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে যে, নিয়োগ প্রক্রিয়াকে দীর্ঘায়িত বা জটিল করে তোলা সম্ভব নয়।

মামলাকারীদের অভিযোগ ছিল, ২০২৪ সালের কনস্টেবল নিয়োগের শারীরিক যোগ্যতার পরীক্ষার দিন পরীক্ষাস্থলে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং তাঁদের উচ্চতা সঠিকভাবে মাপা হয়নি। কিন্তু রাজ্যের আইনজীবী বিমল কুমার শাহি আদালতে সওয়াল করেন যে, প্রার্থীদের উচ্চতা মাপা হয়েছে সম্পূর্ণ আধুনিক ও ত্রুটিমুক্ত ‘অটোমেটিক স্টেডিও মিটারে’। প্রায় ৩৯ থেকে ৪৩ হাজার প্রার্থী এই ধাপে বাদ পড়েছেন। বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ করেন, যদি এখন নির্দিষ্ট কয়েকজনকে পুনরায় সুযোগ দেওয়া হয়, তবে তা বৈষম্য তৈরি করবে এবং পুরো নিয়োগ প্রক্রিয়ার উপর ‘ফ্লাড গেট’ বা প্লাবনের মতো নতুন আবেদনের পাহাড় তৈরি হবে। এর ফলে থমকে যেতে পারে হাজার হাজার শূন্যপদে পুলিশ নিয়োগ। বিচারপতির এই কড়া নির্দেশে রাজ্য সরকারের ওপর থেকে নিয়োগ সংক্রান্ত একটি বড় বাধা দূর হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Samrat Das
  • Samrat Das