Faridabad Mystery: রাতে খেয়েছিলেন নুডলস-আইসক্রিম, সকালেই নিথর দেহ! তরুণীর মৃত্যুতে ঘনীভূত রহস্য

হরিয়ানার ফরিদাবাদের গ্রিন ফিল্ড কলোনি এলাকায় এক ২২ বছর বয়সি তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত তরুণীর নাম সোমা খাতুন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত্যুর ঠিক আগে তিনি রাতের খাবারে জনপ্রিয় একটি ব্র্যান্ডের ‘ইনস্ট্যান্ট নুডলস’ এবং আইসক্রিম খেয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রহস্যজনকভাবে মৃত্যু হয়।

সোমা দীর্ঘ কয়েক বছর ধরে ওই এলাকার বাসিন্দা রাকেশ গুজরালের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। মৃতার মা মনোরবার দাবি, তাঁর মেয়ের কোনও পূর্ব শারীরিক অসুস্থতা ছিল না। গৃহকর্তার কাছ থেকে তিনি জানতে পারেন যে, রাতে নুডলস ও আইসক্রিম খাওয়ার পরেই সোমার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে শুরু করে এবং তিনি জ্ঞান হারান। চার বোন ও এক ভাইয়ের মধ্যে সোমাই ছিলেন সবার ছোট। পরিবারের সদস্য ও স্থানীয়দের মনে দানা বাঁধছে নানা প্রশ্ন—এটি কি নিছকই ফুড পয়জনিং, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনও কারণ? পুলিশ বর্তমানে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য বিকে হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে যে নুডলস-আইসক্রিমের এই প্রাণঘাতী কম্বিনেশন না কি অন্য কিছু কেড়ে নিল তরুণীর প্রাণ।