লাঞ্চ ব্রেকে শেষ হাসি! অফিসের বাইরে পা রাখতেই যমদূত হয়ে এল বুলেট, বেঙ্গালুরুতে তরুণী ব্যাঙ্ককর্মীর করুণ পরিণতি

প্রতিদিনের মতোই কাজে গিয়েছিলেন ২৭ বছরের তরুণী যোগেশ্বরী। দুপুরে খিদে পাওয়ায় সহকর্মীর সঙ্গে অফিস থেকে বেরিয়েছিলেন একটু ভালো মন্দ খাবেন বলে। কিন্তু কে জানত, অফিসের দরজার ঠিক বাইরেই ওত পেতে বসে আছে কালান্তক মৃত্যু! বেঙ্গালুরুর রাজাজিনগরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এইচডিএফসি ব্যাঙ্কের এই তরুণী কর্মী। দ্রুত গতির একটি বুলেট মোটরসাইকেলের ধাক্কায় নিভে গেল একটি উজ্জ্বল প্রাণ।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ডক্টর রাজকুমার রোডের উপর দিয়ে সহকর্মীর সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন যোগেশ্বরী। একটি দ্রুতগামী মোটরসাইকেলকে আসতে দেখে তাঁর সহকর্মী থমকে দাঁড়ালেও, যোগেশ্বরী গতি আন্দাজ করতে না পেরে দ্রুত রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বুলেটটি সজোরে ধাক্কা মারে তরুণীকে। অভিঘাত এতটাই তীব্র ছিল যে রাস্তার ওপর ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘাতক মোটরসাইকেল চালক ২২ বছর বয়সি দীপনও এই দুর্ঘটনায় আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কেম্পেগৌড়া লে আউটের বাসিন্দা যোগেশ্বরীর এই অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামান্য কয়েক সেকেন্ডের সময়ের ব্যবধান কীভাবে একটি জীবন কেড়ে নিতে পারে, এই দুর্ঘটনা ফের সেই রূঢ় বাস্তবকে সামনে এনে দিল।