বিদেশে তৈরি রোবটকে নিজেদের বলে দাবি! দিল্লির হাই-প্রোফাইল প্রদর্শনী থেকে বিতাড়িত গালগোটিয়া

দিল্লির ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ নজিরবিহীন কেলেঙ্কারি। চিনের তৈরি রোবট কুকুরকে নিজেদের আবিষ্কার বলে দাবি করে প্রদর্শনীতে যোগ দিয়েছিল নয়ডার গালগোটিয়া বিশ্ববিদ্যালয়। কিন্তু জালিয়াতি ধরা পড়তেই চরম অপমানের মুখে পড়তে হলো শিক্ষা প্রতিষ্ঠানটিকে। মাঝপথেই বিশ্ববিদ্যালয়ের স্টলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের প্রদর্শনীস্থল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিতর্কের মূলে রয়েছে ‘ওরিয়ন’ নামের একটি রোবট কুকুর। গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, প্রায় ৩৫০ কোটি টাকার একটি বিশাল প্রকল্পের অধীনে তাঁরা এই রোবটটি তৈরি করেছেন। এমনকি এই নিয়ে একটি প্রচারমূলক ভিডিও-ও প্রকাশ করা হয়। কিন্তু সমাজমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই আসল সত্য সামনে আসে। নেটিজেনরা প্রমাণ করে দেন, ওরিয়ন আসলে চিনা কোম্পানি ‘ইউনিট্রি’র তৈরি ‘গো-২’ (Unitree Go-2) মডেলের একটি রোবট। আন্তর্জাতিক বাজারে যার দাম ভারতীয় মুদ্রায় মাত্র ২ লক্ষ ৩০ হাজার টাকার কাছাকাছি।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরকার কড়া অবস্থান নেয়। সরকারি আধিকারিকদের নির্দেশে স্টলটি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ঘটনাকে হাতিয়ার করে কেন্দ্রের সমালোচনা করে বলেছেন, ভারতের নিজস্ব প্রতিভা বিকাশের বদলে এখন এআই সম্মেলনে চিনা পণ্য প্রদর্শিত হচ্ছে। ৩৫০ কোটির দাবি করে স্রেফ ২ লক্ষ টাকার চিনা পণ্যকে নিজেদের বলে চালানোর এই ঘটনায় গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি এখন তলানিতে।