বিদায় শীত! ভোলবদল করছে আবহাওয়া, সপ্তাহের শেষেই কি ২০ ডিগ্রিতে চড়বে কলকাতার পারদ?

পাকাপাকিভাবে ব্যাগ গোছাতে শুরু করেছে শীত। গত কয়েকদিনে দিনের বেলায় রোদের তেজ বাড়ায় শীতের আমেজ অনেকটাই উধাও হয়েছিল, তবে রাতের দিকে মৃদু শিরশিরানি বজায় ছিল। কিন্তু এবার সেই আমেজটুকুও শেষ হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, রাতের তাপমাত্রাও এবার ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই উত্তুরে হাওয়ার পথে বাধা সৃষ্টি হয়েছে, যার ফলে বাড়বে গরম।
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি:
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ শক্তি সঞ্চয় করছে। এটি আরও শক্তিশালী হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তবে এই নিম্নচাপের প্রভাবে বঙ্গে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে আকাশ মূলত শুষ্কই থাকবে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির চিত্র:
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় পারদ ১৭ থেকে ১৯ ডিগ্রির আশেপাশে থাকবে। অন্যদিকে, পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমে শীতের আমেজ কিছুটা থাকলেও তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রির ঘরে পৌঁছবে। ভোরের দিকে হালকা কুয়াশা বা শিশির দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দাপট বাড়বে।
কেমন থাকবে উত্তরবঙ্গ?
উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের বিদায় ঘণ্টা বাজছে। আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা ৬-৭ ডিগ্রির আশেপাশে থাকলেও শিলিগুড়ি বা মালদহের মতো সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। সব মিলিয়ে বসন্ত আসার আগেই চড়া রোদের হাত ধরে গরমের প্রবেশ ঘটতে চলেছে বাংলায়।