মার্চেই মেগা ভোট! বাংলার ৫টি আসন সহ দেশের ৩৭টি রাজ্যসভা কেন্দ্রের দিনক্ষণ ঘোষণা কমিশনের

দেশের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার শূন্য হতে চলা আসনগুলি পূরণের তোড়জোড় শুরু করে দিল ভারতের নির্বাচন কমিশন। বুধবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে আগামী ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী এপ্রিল মাসে বর্তমান সদস্যদের মেয়াউত্তীর্ণ হওয়ার কারণেই এই নির্বাচন হতে চলেছে।

নির্বাচন নির্ঘণ্ট একনজরে:
কমিশনের দেওয়া সূচি অনুযায়ী, নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে ২৬ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ এবং জমাপড়া নথিপত্র যাচাই বা স্ক্রুটিনি করা হবে ৬ মার্চ। যদি কোনো প্রার্থী তাঁর নাম প্রত্যাহার করতে চান, তবে তার জন্য ৯ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ১৬ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিধানসভাগুলিতে ভোটগ্রহণ চলবে এবং ওই দিনই বিকেল ৫টা থেকে শুরু হবে ভোট গণনা। ২০ মার্চের মধ্যে সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলায় কাদের ভাগ্য নির্ধারণ?
পশ্চিমবঙ্গ থেকে মোট ৫ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। এই তালিকায় রয়েছেন তৃণমূলের তিন হেভিওয়েট—সুব্রত বক্সী, সাকেত গোখলে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও মেয়াদ ফুরোচ্ছে বাম শিবিরের একমাত্র প্রতিনিধি বিকাশরঞ্জন ভট্টাচার্যের। অন্যদিকে, মৌসম বেনজির নূর আগেই ইস্তফা দেওয়ায় সেই আসনটিতেও নির্বাচন হবে। বর্তমানে বিধানসভার বিধায়ক সংখ্যার পাটিগণিত অনুযায়ী, ৫টির মধ্যে ৪টি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। তবে বাকি একটি আসন বিজেপির ঝুলিতে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

অন্যান্য রাজ্যের সমীকরণ:
৩৭টি আসনের মধ্যে সর্বাধিক ৭টি আসন রয়েছে মহারাষ্ট্রে। এ ছাড়াও তামিলনাড়ু ও বিহারে ৬টি করে, ওড়িশায় ৪টি, অসমে ৩টি, তেলঙ্গনা, ছত্তীসগঢ় ও হরিয়ানায় ২টি করে এবং হিমাচল প্রদেশে ১টি আসনে নির্বাচন হবে। মূলত রাজ্য বিধানসভার বিধায়কদের ভোটেই এই নির্বাচন পরিচালিত হয়, তাই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে শাসক ও বিরোধী শিবিরের বিধায়ক সংখ্যার ওপরই নির্ভর করছে রাজ্যসভার নতুন শক্তিপ্রদর্শন।