“আমি অভিষেককে চুমু খেয়েছি!” জন আব্রাহামের বিস্ফোরক স্বীকারোক্তিতে শোরগোল বলিউডে

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় যখন নায়কদের মধ্যে রেষারেষি আর ইগোর লড়াই তুঙ্গে, তখন সম্পূর্ণ উল্টো পথে হাঁটলেন জন আব্রাহাম। সম্প্রতি এক মাস্টারক্লাসে নিজের কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এক মজার তথ্য ফাঁস করলেন অভিনেতা। জন জানান, তিনি শুধু অভিষেক বচ্চনের ভালো বন্ধুই নন, তাঁর সঙ্গে রসায়ন এতটাই গভীর যে তিনি অভিষেককে চুমুও খেয়েছেন! এই মন্তব্যে মজার সুর থাকলেও জনের আসল উদ্দেশ্য ছিল দুই নায়কের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সহযোগিতার দিকটি তুলে ধরা।

২০০৩ সালে যখন জন বলিউডে পা রাখেন, তখন ‘আউটসাইডার’ হিসেবে টিকে থাকা ছিল বড় চ্যালেঞ্জ। জনের কথায়, সেই সময় তিনি সবচেয়ে বেশি সমালোচিত অভিনেতাদের একজন ছিলেন। নিজেকে চোখে ঠুলি বাঁধা ঘোড়ার সঙ্গে তুলনা করে তিনি বলেন, “আমি প্রতিযোগিতায় বিশ্বাসী নই, আমি একসঙ্গে কাজ করায় বিশ্বাসী।” বরুণ ধাওয়ান বা অভিষেক বচ্চনের মতো সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে সবসময়ই আনন্দের। জন মনে করেন, একে অন্যের কাজকে সম্মান করলেই ছবির ফল ভালো হয়।

নিজের প্রচারের জন্য কোনো পিআর বা প্রচারক রাখেননি জন। তিনি মনে করেন, সততা আর পরিশ্রমই তাঁকে দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে। বর্তমানে ‘তেহরান’ ছবিতে একজন অফিসারের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। তবে কেরিয়ারের দৌড় ছাপিয়ে এখন চর্চায় জনের সেই ‘কিসিং’ মন্তব্য। টিনসেল টাউনের প্রতিযোগিতামূলক পরিবেশে জন ও অভিষেকের এই বন্ধুত্ব সত্যিই এক বিরল উদাহরণ।