“আমি ৪৪০ ভোল্ট, আঘাত করলে প্রত্যাঘাত হবে!” ছাব্বিশের ভোটের আগে মমতার রণহুঙ্কার

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক পারদ চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক বিস্ফোরক সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে কার্যত তুলোধোনা করলেন তিনি। তাঁর গলায় শোনা গেল ‘প্রত্যাঘাতের’ সুর। স্পষ্ট জানালেন, এবার আর শুধু রাজ্য বা দেশ নয়, প্রয়োজনে তিনি ‘ওয়ার্ল্ড ওয়াইড’ বা বিশ্বব্যাপী প্রচার চালাবেন। কিন্তু কোন ইস্যুতে এই তোলপাড় ফেলতে চলেছেন তৃণমূল নেত্রী, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
এদিন নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ বলে কটাক্ষ করে মমতা বলেন, “বাউন্ডারির বাইরে গেলে কিন্তু ছক্কা খেতে হবে। আইন আইনের পথে চলবে, কিন্তু কেউ যদি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, তবে আমি চুপ থাকব না।” রাজ্যে এসআইআর ইস্যুতে ১৬০ জনের মৃত্যুর ঘটনা এবং ইআরও-দের সাসপেনশন নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। মমতার হুঁশিয়ারি, “অনেক ঘটনা ঘটে গিয়েছে, আমরা এখনও মুখ খুলিনি। ভদ্রতা করেছি বলে ভাববেন না আমরা দুর্বল। আমায় আঘাত করলে আমি প্রত্যাঘাত করবই।”
বিরোধী শিবিরের নাম না করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আপনারা কেউ ৪২০ ভোল্ট হতে পারেন, কিন্তু জেনে রাখুন আমি ৪৪০ ভোল্ট। প্রতিশোধ নিতে হলে আমার ওপর নিন, জনগণের ওপর নয়।” ছাব্বিশের পর কেন্দ্রে বর্তমান সরকার থাকবে না বলেও দাবি করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার এই ‘ওয়ার্ল্ড ওয়াইড’ প্রচারের হুঁশিয়ারি এবং গোপন তথ্য ফাঁস করার ইঙ্গিত আসলে বড় কোনো রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস। এখন দেখার, মুখ্যমন্ত্রী কোন তুরুপের তাস পকেটে রেখেছেন।