ভোটের মুখে বঙ্গ বিজেপির ‘যুব আড্ডা’! চা চক্রে শান দেওয়া হচ্ছে নতুন মডেলে, ঘুম উড়বে বিরোধীদের?

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নামছে বঙ্গ বিজেপি। এবার আর কেবল বড় জনসভা নয়, পাড়ার মোড়ে চায়ের কাপে চুমুক দিয়ে মানুষের মনের হদিশ পেতে নয়া কর্মসূচি ঘোষণা করল গেরুয়া শিবিরের যুব মোর্চা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘যুব আড্ডা’। বুথ স্তর পর্যন্ত যুব সমাজকে চাঙ্গা করতে এবং কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য ঘরে ঘরে পৌঁছে দিতেই এই বিশেষ পরিকল্পনা।

বিজেপি যুব মোর্চা সূত্রে খবর, আগামী বুধবার থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বিধানসভা কেন্দ্রের অন্তত ৩০টি জায়গায় ২০ থেকে ২৫ জন কর্মীকে নিয়ে আয়োজিত হবে এই ‘যুব আড্ডা’। অনেকটা পাড়ার চা চক্রের আদলে এই আড্ডাগুলি হবে, যেখানে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলবেন বিজেপি কর্মীরা। এর আগে উত্তরপ্রদেশ নির্বাচনে এই ধরণের ‘যুবা চৌপাল’ দারুণ ফল দিয়েছিল, এবার সেই মডেলেই বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি।

অন্যদিকে, জনসংযোগের দ্বিতীয় বড় হাতিয়ার হিসেবে ‘পরিবর্তন রথযাত্রা’ বা ‘পদ্ম রথযাত্রা’ ফেরাতে চলেছে গেরুয়া শিবির। দোলযাত্রার পর থেকেই সারা রাজ্য জুড়ে এই রথ ঘোরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগে পাঁচটি জোন ভিত্তিক রথের কথা থাকলেও, সূত্রের খবর—এবার দশটি বিভাগ অনুযায়ী ১০টি রথ নামানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে দল। এই রথযাত্রা নিয়ে বুধবার সল্টলেকের একটি হোটেলে শীর্ষ নেতৃত্বের হাই-ভোল্টেজ বৈঠক ডাকা হয়েছে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব সহ একাধিক শীর্ষ নেতার উপস্থিতিতে এই বৈঠকেই রথযাত্রার চূড়ান্ত রুটম্যাপ তৈরি হবে। লক্ষ্য একটাই—ভোটের ঢাকে কাঠি পড়ার আগেই রাজ্যের প্রতিটি কোণায় পৌঁছে যাওয়া।