দিল্লি AI সামিটে বিল গেটস কি ব্রাত্য? বাদ পড়ার গুঞ্জনের মাঝে এল বিরাট ধামাকা আপডেট!

২০২৬-এর এআই ইমপ্যাক্ট সামিট ঘিরে শুরু থেকেই উত্তেজনার পারদ চড়ছিল, কিন্তু মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের নামকে কেন্দ্র করে যে নাটক তৈরি হলো, তা বোধহয় কেউ কল্পনা করেনি। সোমবার থেকে দিল্লিতে শুরু হওয়া এই মেগা ইভেন্টের ‘গ্লোবাল ভিশনারিজ’ তালিকা থেকে আচমকাই গেটসের নাম উধাও হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। তবে সমস্ত জল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে মঙ্গলবার বিল গেটসের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিলেন, মার্কিন এই ধনকুবের সামিটে অংশ নিচ্ছেন এবং নিজের বক্তব্যও রাখবেন।
বিতর্কের সূত্রপাত হয়েছিল একটি বিশেষ তালিকা থেকে গেটসের নাম বাদ পড়ায়। রাজনৈতিক ও টেক মহলে কান পাতলেই শোনা যাচ্ছিল যে, চর্চিত ‘এপস্টিন ফাইলস’-এ নাম থাকার কারণেই ভারত সরকার বা আয়োজকরা সম্ভবত শেষ মুহূর্তে তাঁর নাম ছেঁটে ফেলেছেন। দু’দিন আগেই ভারতে এসে পৌঁছানো সত্ত্বেও সামিটের মূল অনুষ্ঠান থেকে তাঁর নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে—এমন খবরে শোরগোল পড়ে যায়। সরকারি সূত্রে শুধু জানানো হয়েছিল, “অনিবার্য কারণবশত” তিনি থাকছেন না। কিন্তু মঙ্গলবার ছবিটা বদলে গেল।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সামিটের অন্যতম বড় মুখ বিল গেটস। এই সামিটে একাধিক গুরুত্বপূর্ণ সেশনে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। ১৯ ও ২০ ফেব্রুয়ারি মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মঞ্চে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ লুলা দা সিলভা থেকে শুরু করে সুন্দর পিচাই, মুকেশ আম্বানী এবং ওপেন এআই-এর স্যাম অলটম্যানের মতো বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদ ও রাষ্ট্রনেতারা। ৪০টিরও বেশি বিশ্বখ্যাত সংস্থার সিইও-দের ভিড়ে বিল গেটসের অনুপস্থিতি এক বিশাল শূন্যতা তৈরি করত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বিতর্ক পিছু ছাড়ছে না গেটসের। এপস্টিন ফাইলের নথিতে তাঁর নাম আসায় এবং গুরুতর কিছু অভিযোগ ওঠায় তাঁর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করেছিলেন, ভারতের এই হাই-প্রোফাইল ইভেন্টে বিতর্ক এড়াতেই হয়তো গেটসকে দূরত্বে রাখা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত বিল গেটসের উপস্থিতি নিশ্চিত হওয়ায় এটি স্পষ্ট যে, প্রযুক্তি বিশ্বের এই মহামিলন মেলায় তাঁর গুরুত্ব অপরিসীম। এখন দেখার, দিল্লির এই মঞ্চ থেকে ভবিষ্যৎ এআই প্রযুক্তি নিয়ে গেটস কী বার্তা দেন।