“আমার লুকনোর কিছু নেই…”- এপস্টিন ফাইল নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের (Jeffrey Epstein) অন্ধকার জগত নিয়ে মার্কিন রাজনীতিতে যে উত্তাপ তৈরি হয়েছিল, তা এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপস্টাইন ফাইলে বারবার তাঁর নাম উঠে আসা নিয়ে বিশ্বজুড়ে যে গুঞ্জন চলছিল, তার জবাবে ট্রাম্প এবার সরাসরি রণংদেহি মেজাজে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, “এই মামলায় আমাকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে, আমার লুকানোর কিছু নেই।”

“সবই ডেমোক্র্যাটদের চক্রান্ত”: ট্রাম্পের দাবি

নিজেকে নির্দোষ দাবি করে ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে এই নোংরা মামলায় ফাঁসাতে চেয়েছিল। তাঁর দাবি, তদন্তে তাঁর বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি। ট্রাম্প বলেন:

“জেফ্রি এপস্টাইনের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ডেমোক্র্যাটরা আশা করেছিল তদন্তে আমার বিরুদ্ধে কিছু বের হবে, কিন্তু তাদের সেই আশা পূর্ণ হয়নি।”

এপস্টাইন বনাম ট্রাম্প: রাজনৈতিক যুদ্ধের ইঙ্গিত?

ট্রাম্প কেবল নিজেকে নির্দোষ বলেই ক্ষান্ত হননি, তিনি দাবি করেছেন যে স্বয়ং এপস্টাইন তাঁর প্রেসিডেন্ট হওয়ার ঘোর বিরোধী ছিলেন। কিছু লেখকের সঙ্গে হাত মিলিয়ে এপস্টাইন ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার ষড়যন্ত্র করেছিলেন বলেও বিস্ফোরক দাবি করেন তিনি।

নিশানা যখন বিল ক্লিনটন

পাল্টা আক্রমণের কৌশলে ট্রাম্প এবার ডেমোক্র্যাটদেরও কাঠগড়ায় তুলেছেন। তিনি মনে করিয়ে দেন, এপস্টাইন ফাইলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন-সহ একাধিক প্রভাবশালী ডেমোক্র্যাট নেতার নাম রয়েছে। ট্রাম্পের অভিযোগ, তাঁর প্রশাসন থেকে জনমানসের নজর ঘোরাতেই বারবার এই পুরনো ফাইল খোলা হচ্ছে।

পুরনো সম্পর্ক নাকি কাকতালীয়?

প্রসঙ্গত, এপস্টাইন ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম বহুবার উল্লেখ করা হয়েছে। যদিও কোনো অনিয়মের প্রমাণ মেলেনি। ট্রাম্পের স্পষ্ট বার্তা, “আমেরিকার উচিত এখন এপস্টাইন ফাইল থেকে বেরিয়ে আসা। দেশের আরও গুরুত্বপূর্ণ কাজের দিকে মন দেওয়ার সময় হয়েছে।”

এপস্টাইন-কাণ্ড কি ট্রাম্প প্রশাসনের অস্বস্তি বাড়াবে নাকি ডেমোক্র্যাটদের বুমেরাং হয়ে ফিরবে, এখন সেটাই দেখার।