ভারত-পাক যুদ্ধের রেশ! বাবর-শাহিন কি বাদ পড়ছেন? পাকিস্তান ক্রিকেটে বড়সড় ‘সার্জারি’র ইঙ্গিত

২২ গজের লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। ৬১ রানের বিশাল ব্যবধানে হারের পর এবার চরম কোপে পড়তে চলেছেন দলের দুই মহাতারকা—বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থতার খেসারত দিতে হতে পারে তাঁদের। শোনা যাচ্ছে, বুধবার নামিবিয়ার বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এই দুই সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে পারে পাকিস্তান।
ম্যানেজমেন্টের চরম অসন্তোষ
জিও নিউজের রিপোর্ট অনুযায়ী, প্রধান কোচ মাইক হেসেন এবং টিম ম্যানেজমেন্ট বাবর ও শাহিনের পারফরম্যান্সে তীব্র ক্ষুব্ধ। ভারতের বিরুদ্ধে বাবর আজম মাত্র ৫ রান করে আউট হন, অন্যদিকে শাহিন আফ্রিদি তাঁর দুই ওভারের স্পেলে বিলিয়ে দেন ৩১ রান। বুধবার ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দুজনকে বিশ্রামে পাঠিয়ে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চাইছে পাকিস্তান। সূত্রের খবর, দলে অন্তত ২-৩টি পরিবর্তন আসতে চলেছে।
পিসিবিতে সেনাপ্রধানের হস্তক্ষেপ!
মাঠের ব্যর্থতার আঁচ এবার পৌঁছেছে প্রশাসনের অলিন্দেও। ভারতের কাছে শোচনীয় হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভিকে সরিয়ে দেওয়ার জল্পনা তুঙ্গে। খোদ পাক সেনাপ্রধান আসিম মুনির দলের প্রস্তুতি ও অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলে খবর। প্রাক্তন গতিলিজেন্ড শোয়েব আখতারও নকভিকে ‘অযোগ্য’ বলে আক্রমণ শানিয়েছেন।
সরকারের বড় সিদ্ধান্ত আসন্ন?
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, সামরিক বাহিনীর ক্ষোভ প্রশমনে সরকার ক্রিকেট বোর্ডে বড় ধরনের রদবদল করতে পারে। সেনাপ্রধানের সামরিক সচিবের মাধ্যমে পাঠানো উদ্বেগের বার্তার পর নকভির অপসারণ এখন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। ভারতের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট এখন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে, যার লাভাস্রোতে ভেসে যেতে পারেন বাবর থেকে শুরু করে বোর্ড প্রধান পর্যন্ত।