যুবসাথী প্রকল্পে তোলপাড় বাংলা! ১৫০০ টাকা ভাতার জন্য লাইন দিলেন লক্ষ লক্ষ বেকার, দেখুন আপনার জেলার রিপোর্ট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত ‘যুবসাথী প্রকল্প’ ঘিরে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ১ এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর হওয়ার কথা থাকলেও, গত রবিবার থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আর আবেদন শুরুর মাত্র ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই সংখ্যাটা আকাশছোঁয়া— ১৩ লক্ষ ছাড়িয়ে গেল আবেদনকারীর তালিকা!
প্রকল্পের খুঁটিনাটি: রাজ্য বাজেট অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ বেকাররা এই প্রকল্পের আওতায় মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। সর্বাধিক ৫ বছর পর্যন্ত এই সুবিধা মিলবে। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ৪৫ হাজারেরও বেশি অফলাইন আবেদন এবং ১.২ লক্ষ অনলাইন আবেদনের মাধ্যমেই বোঝা যাচ্ছে রাজ্যে কর্মসংস্থানের হাহাকার কতটা তীব্র।
কোন জেলা শীর্ষে? একনজরে পরিসংখ্যান: আবেদনের নিরিখে কলকাতাকে বহু পিছনে ফেলে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। সোমবার দুপুর পর্যন্ত সেখানে ৭৭,৭৯০টি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা (৪৯,৪৪৯) এবং তৃতীয় স্থানে বাঁকুড়া (৪৮,১২২)। তুলনায় কলকাতায় আবেদনের সংখ্যা অনেকটাই কম, মাত্র ১৫,৭৮০। উত্তর ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আবেদনের ঢল নেমেছে। সব থেকে কম আবেদন জমা পড়েছে কালিম্পংয়ে (২,৭১৪)।