গ্রামে কি ঢুকতে পারবেন না খ্রিস্টান ধর্মপ্রচারকরা? বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট!

ছত্তিশগড়ের বেশ কিছু গ্রামে খ্রিস্টান যাজক এবং ধর্মান্তরিত খ্রিস্টানদের প্রবেশে বাধা দিয়ে লাগানো হোর্ডিং সরানোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ ছত্তিশগড় হাইকোর্টের আগের রায়কেই বহাল রেখেছে। এর ফলে এই বিতর্কিত ইস্যুতে বড়সড় আইনি ধাক্কা খেল আবেদনকারী পক্ষ।
মামলার প্রেক্ষাপট: আবেদনকারীদের দাবি ছিল, ছত্তিশগড়ের কাঙ্কের জেলার অন্তত আটটি গ্রামে বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে, যেখানে স্পষ্ট লেখা রয়েছে— গ্রামে খ্রিস্টান যাজক ও ধর্মান্তরিতদের প্রবেশ নিষিদ্ধ। অভিযোগ করা হয়েছিল, সরকারি আধিকারিকদের যোগসাজশেই গ্রাম পঞ্চায়েতগুলো ‘আমাদের ঐতিহ্য, আমাদের উত্তরাধিকার’ নামক প্রচারের আড়ালে এই সিদ্ধান্ত নিয়েছে। আবেদনকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী কলিন গনসালভেস দাবি করেন, এর ফলে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ: শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, হাইকোর্টে যে আবেদন করা হয়েছিল, সুপ্রিম কোর্টে তার চেয়ে অনেক বেশি নতুন তথ্য ও নথি যোগ করা হয়েছে যা গ্রহণযোগ্য নয়। এর আগে হাইকোর্ট তার রায়ে জানিয়েছিল, প্রলোভন বা জালিয়াতির মাধ্যমে ধর্মান্তর রুখতে হোর্ডিং লাগানো অসাংবিধানিক নয়। সুপ্রিম কোর্টও সোমবার দীর্ঘ সওয়াল জবাবের পর হস্তক্ষেপ করতে অস্বীকার করে এবং বিশেষ লিভ পিটিশনটি খারিজ করে দেয়। আদালত জানিয়েছে, যদি কারও ব্যক্তিগত নিরাপত্তার অভাব বোধ হয়, তবে তারা পুলিশের দ্বারস্থ হতে পারেন।