পশ্চিমী ঝঞ্ঝার হানা! উধাও হবে কি হাড়কাঁপানো শীত? জানুন বড় আপডেট

বঙ্গালজুড়ে এবার আবহাওয়ার ভোলবদল। দীর্ঘ শীতের আমেজ কাটিয়ে এবার কি তবে বসন্তের আগেই চড়চড়িয়ে বাড়বে পারদ? আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস বলছে, উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে সক্রিয় হওয়া একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া। এর জেরে চলতি সপ্তাহেই সর্বনিম্ন তাপমাত্রা অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতার হালহকিকত আজ তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে সামান্য শিরশিরানি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে। হাওয়া অফিসের মতে, চলতি সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলোর পূর্বাভাস দক্ষিণবঙ্গের ১৪টি জেলা অর্থাৎ কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিলেও বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

উত্তরবঙ্গের পরিস্থিতি পাহাড়ি অঞ্চল দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫-৭ ডিগ্রির আশেপাশে থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে পারদ ১১ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তবে উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা না থাকলেও তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী গ্রাফ শীতপ্রেমীদের কিছুটা হতাশই করতে পারে।