শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির থাবা! পরিবারের অ্যাকাউন্টে সরত স্কুলের টাকা, ৮০ পাতার চার্জশিটে বিস্ফোরক ইডি

কলকাতার নামী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট স্কুলের আর্থিক দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার বিশেষ আদালতে স্কুলের অন্যতম এক প্রভাবশালী কর্তার বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। ৮০ পাতার এই দীর্ঘ চার্জশিটে ইডি দাবি করেছে, স্কুলের তহবিলের কোটি কোটি টাকা নয়ছয় করে নিজের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরিয়েছিলেন ওই অভিযুক্ত।

দুর্নীতির সূত্রপাত ও তদন্তের গতি এই দুর্নীতির অভিযোগ প্রথম সামনে আসে প্রায় দু’বছর আগে, ২০২৪ সালে। আরজি কর আবহের মধ্যেই শহরের এই খ্যাতনামা স্কুলের আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। স্কুলের ট্রাস্টি বোর্ডের প্রাক্তন এই সদস্যকে আগেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। অভিযোগ ছিল, স্কুলের প্রশাসক পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অঙ্কের টাকা ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত করেছেন।

চার্জশিটে চাঞ্চল্যকর দাবি তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে শুধুমাত্র স্কুলের অ্যাকাউন্ট থেকে নগদ টাকা সরানোই নয়, স্কুল নির্মাণের পরিকাঠামোগত কাজের ক্ষেত্রেও বড়সড় দুর্নীতির প্রমাণ মিলেছে। ইডির দাবি, এই জালিয়াতের জাল অনেক গভীরে বিস্তৃত। অভিযুক্ত ব্যক্তি তাঁর ঘনিষ্ঠদের অফিস ও ব্যাঙ্কের মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করার চেষ্টা করেছেন। ৮০ পাতার চার্জশিটে ইডি স্পষ্ট করেছে যে, অভিযুক্তের পরিবারের একাধিক সদস্যের অ্যাকাউন্টে এই দুর্নীতির টাকা সরাসরি ঢুকেছে।

নজরে আরও অনেকে তদন্তের স্বার্থে আগেই অভিযুক্তের ঘনিষ্ঠদের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছিল। ইডি সূত্রে খবর, এই বিশাল অঙ্কের দুর্নীতির নেপথ্যে স্কুলের অছি পর্ষদের আরও কিছু সদস্য জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। কলকাতা পুলিশের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে এখন এই চক্রের মূল শিকড় খুঁজতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দারা। শহরের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের এই ‘কালিমালিপ্ত’ কাহিনীতে স্বাভাবিকভাবেই উদ্বেগে অভিভাবক মহল।