আনন্দ মুহূর্ত নিমেষেই বিষাদ! অন্তসত্ত্বা মায়ের ফোটোশ্যুটের সময় জলাশয়ে ডুবে মৃত্যু ৩ বছরের শিশুর

মাতৃত্বের আনন্দ উদযাপন করতে চেয়েছিলেন হবু মা। কিন্তু একটি মুহূর্তের অসতর্কতা সেই আনন্দকে বদলে দিল চিরকালীন হাহাকারে। দ্বিতীয় সন্তানের আগমনের ঠিক আগে ফোটোশ্যুট চলাকালীন জলাশয়ে ডুবে মৃত্যু হলো ৩ বছরের এক শিশুর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মাগাদি মেন রোডের কাছে গিদ্দেনাহাল্লি এলাকার ‘দ্য শায়ার স্টুডিও’-তে। মৃত শিশুটির নাম লক্ষ্মীর সি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির মা স্বাতী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। শনিবার তাঁর দ্বিতীয় সন্তানের আগমনকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ ‘ম্যাটারনিটি ফোটোশ্যুট’-এর আয়োজন করা হয়েছিল। যখন ক্যামেরার সামনে মা ও তাঁর এক অন্তঃসত্ত্বা বন্ধু পোজ দিতে ব্যস্ত ছিলেন, তখন পাশেই খেলা করছিল ছোট্ট লক্ষ্মীর। কেউ কিছু বুঝে ওঠার আগেই শিশুটি আচমকা পা পিছলে স্টুডিও চত্বরে থাকা একটি কৃত্রিম জলাশয়ে পড়ে যায়। ফোটোশ্যুটের ব্যস্ততায় বিষয়টি তৎক্ষণাৎ কারও নজরে আসেনি। মিনিট ১৫ পর যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন শুরু হয় তল্লাশি। অবশেষে পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত শিশুটির বাবা চরণ রাজ কর্মসূত্রে বর্তমানে বিদেশে রয়েছেন। একমাত্র সন্তানের এই মর্মান্তিক পরিণতির খবর পেয়ে তিনি তড়িঘড়ি বেঙ্গালুরুতে ফিরে আসছেন। স্থানীয় মদনায়কনাহল্লি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। ফোটোশ্যুটের সময় নিরাপত্তার কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। একটি সাজানো আনন্দ মুহূর্ত কীভাবে এমন ভয়ঙ্কর ট্র্যাজেডিতে পরিণত হলো, তা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।