ব্যাঙ্কের লকারও কি সুরক্ষিত নয়? জুয়ার নেশায় ৩.৫ কোটির সোনা ওড়ালেন খোদ ডেপুটি ম্যানেজার!

ব্যাঙ্কের লকার মানেই আমরা ভাবি সবথেকে সুরক্ষিত জায়গা। কিন্তু সেই রক্ষকই যদি ভক্ষক হয়ে দাঁড়ায়, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? বেঙ্গালুরুতে খোদ এক ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজারের কীর্তিতে এখন এমনই আতঙ্কে সাধারণ গ্রাহকরা। অনলাইন জুয়ার নেশায় মত্ত হয়ে গ্রাহকদের গচ্ছিত প্রায় ৩.৫ কোটি টাকার সোনার গয়না আত্মসাৎ করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর গিরিনগর থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ডেপুটি ম্যানেজার ব্যাঙ্কের লকার থেকে প্রায় ২৭৮০ গ্রাম সোনা সরিয়ে ফেলেছিলেন। গত ৫ ফেব্রুয়ারি ব্যাঙ্কের চিফ ম্যানেজার বিষয়টি টের পেয়েই থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই অনলাইন জুয়ার নেশায় আসক্ত ছিলেন। সেই জুয়ার টাকা জোগাড় করতেই তিনি গ্রাহকদের অগোচরে লকার থেকে সোনা বের করে একটি বেসরকারি ফিন্যান্স সংস্থায় বন্ধক রেখেছিলেন।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে প্রায় ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে যে ফিন্যান্স সংস্থায় ওই গয়না বন্ধক রাখা হয়েছিল, তাদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পুলিশের। বাকি সোনা উদ্ধারের জন্য পুলিশ এখন আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে পুলিশ সাধারণ গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, তাঁরা যেন দ্রুত ব্যাঙ্কে গিয়ে নিজেদের লকার এবং গয়না পরীক্ষা করে দেখে নেন।