পুরসভাতেও ‘বাংলা’ অস্ত্র! বাজেট অধিবেশনে কাউন্সিলরদের বাংলায় কথা বলার কড়া নির্দেশ তৃণমূলের

আগামী সোম ও মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে এক অভূতপূর্ব দৃশ্য দেখা যেতে পারে। দুর্নীতি ইস্যুতে যখন বিরোধী শিবির শাসকদলকে চেপে ধরার চেষ্টা করছে, তখনই ‘বাংলা ভাষা ও সংস্কৃতি’কে ঢাল হিসেবে সামনে আনল তৃণমূল কংগ্রেস। পুরসভার কাউন্সিলরদের কাছে শাসকদলের তরফে আর্জি জানানো হয়েছে, বাজেট অধিবেশনে প্রতিটি ভাষণ যেন অবশ্যই বাংলা ভাষায় হয়। প্রথা অনুযায়ী অনেক কাউন্সিলর হিন্দি বা ইংরেজিতে বক্তব্য রাখলেও, এবার সেই ধারায় বদল আনতে চাইছে ঘাসফুল শিবির।
পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তের এই আবেদন ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। তাঁর যুক্তি, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বর্তমানে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছেন, আক্রান্ত হচ্ছে বাংলার সংস্কৃতি। তারই প্রতিবাদ হিসেবে রাজধানী শহরের পুরসভায় বাংলাকে ‘প্রতিবাদের ভাষা’ হিসেবে তুলে ধরতে চায় তৃণমূল। আবেদনে স্পষ্ট বলা হয়েছে, বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে শামিল হয়ে সকল সদস্য যেন বাংলাতেই বক্তব্য রাখেন।
তবে এই নির্দেশ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষের দাবি, যাঁরা ঠিকমতো বাংলা বলতে পারেন না, তাঁদের আটকানোর জন্যই এই কৌশল। উল্লেখ্য, তৃণমূলের অন্দরেই এমন অনেক কাউন্সিলর রয়েছেন যাঁদের মাতৃভাষা হিন্দি বা উর্দু। মুখ্য সচেতকের এই বার্তার পর তাঁরা আগামী সপ্তাহের অধিবেশনে কীভাবে এবং কোন ভাষায় নিজেদের বক্তব্য পেশ করেন, এখন সেটাই দেখার। রাজনৈতিক মহলের মতে, এই ভাষা বিতর্ক বাজেট অধিবেশনের উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিল।