স্টেশনে পান-গুটখার পিক ফেললেই বিপদ! এক বছরে ৭১ হাজার যাত্রীকে জরিমানা করল পূর্ব রেল

রেল পরিষেবা আধুনিক করতে কোটি কোটি টাকা খরচ করছে ভারতীয় রেল। কিন্তু স্টেশন চত্বরে যত্রতত্র পানের পিক, গুটখার দাগ এবং আবর্জনার ছবি কি আদৌ বদলাবে? এই প্রশ্ন যখন বারবার উঠছে, তখনই বিস্ফোরক তথ্য সামনে আনল পূর্ব রেল। রেল কর্তৃপক্ষের দাবি, স্টেশন চত্বর পরিষ্কার রাখতে নিয়মিত অভিযান চালানো হলেও যাত্রীদের একটি বড় অংশের অসচেতনতায় ম্লান হচ্ছে পরিচ্ছন্নতা।
পূর্ব রেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্টেশন চত্বর নোংরা করার অপরাধে মোট ৭১,১৮০ জন যাত্রীকে শনাক্ত করে জরিমানা করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিয়ালদহ, হাওড়া, আসানসোল এবং মালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে আরপিএফ (RPF) এই নিবিড় অভিযান চালায়। রেলওয়ে আইন অনুযায়ী অভিযুক্তদের থেকে মোটা টাকা জরিমানাও আদায় করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, কেবল জরিমানা করাই লক্ষ্য নয়, যাত্রীদের সচেতন করতে স্টেশনে ঘনঘন ঘোষণা এবং প্রচারও চালানো হচ্ছে। আরপিএফ কর্মীরা ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন যাতে কেউ পানের পিক বা প্লাস্টিক যত্রতত্র না ফেলেন। পূর্ব রেলের বার্তা— “পরিচ্ছন্নতা একটি যৌথ দায়বদ্ধতা।” আধুনিক স্টেশনের সুফল পেতে যাত্রীদের নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারের অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।