পকেটে টাকা নেই? চিন্তা নেই! পথ দুর্ঘটনায় আহতদের জন্য সাত দিন বিনামূল্যে চিকিৎসা দেবে মোদী সরকার

ভারতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার কমাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। চালু করা হলো ‘PM RAHAT’ (Road Accident Victim Hospitalisation and Assured Treatment) প্রকল্প। এর ফলে এখন থেকে সড়ক দুর্ঘটনায় আহত যে কোনো ব্যক্তি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ক্যাশলেস বা নগদবিহীন চিকিৎসার সুবিধা পাবেন। আর্থিক সংকটের কারণে যাতে জীবনদায়ী চিকিৎসায় দেরি না হয়, তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
এই প্রকল্পের অধীনে দুর্ঘটনায় আক্রান্তরা সাত দিন পর্যন্ত সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা মূল্যের চিকিৎসা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। দুর্ঘটনার ধরণ যাই হোক না কেন, প্রথম এক ঘণ্টা অর্থাৎ ‘গোল্ডেন আওয়ার’-এ দ্রুত পরিষেবা পৌঁছে দিতে এটি ১১২ নম্বরের ইমার্জেন্সি রেসপন্স সিস্টেমের সঙ্গে যুক্ত করা হয়েছে। আহত ব্যক্তি নিজে অথবা কোনো প্রত্যক্ষদর্শী ১১২-তে ফোন করলেই নিকটবর্তী নির্ধারিত হাসপাতাল এবং অ্যাম্বুল্যান্সের সুবিধা পাওয়া যাবে।
পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে সড়ক পরিবহণ মন্ত্রকের eDAR এবং ন্যাশনাল হেলথ অথরিটির TMS 2.0 ডিজিটাল প্ল্যাটফর্মকে যুক্ত করা হয়েছে। যদি দুর্ঘটনাকারী গাড়ির বিমা থাকে, তবে বিমা সংস্থা চিকিৎসার খরচ দেবে। আর বিমাহীন গাড়ি বা ‘হিট অ্যান্ড রান’-এর ক্ষেত্রে সরকার সরাসরি মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট ফান্ড থেকে টাকা মেটাবে। অভিযোগ নিষ্পত্তির জন্য প্রতিটি জেলায় থাকছেন গ্রিভ্যান্স রেড্রেসাল অফিসার। সরকারের আশা, এই উদ্যোগের ফলে সড়ক দুর্ঘটনায় প্রতিরোধযোগ্য মৃত্যুর হার অন্তত ৫০ শতাংশ কমানো সম্ভব হবে।