মুম্বইয়ে মোদী-ম্যাক্রোঁ মেগা সামিট! বাংলাদেশে তারেক রহমানের শপথে না গিয়ে কেন বাণিজ্যিক রাজধানীতে প্রধানমন্ত্রী?

ভূ-রাজনীতি ও কূটনীতির এক ব্যস্ততম দিন হতে চলেছে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি। মুম্বইয়ের লোকভবনে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এটি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর হলেও, মুম্বই সফর এই প্রথম। দুই নেতার এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে ‘হরাইজন রোডম্যাপ ২০৪৭’, যার মাধ্যমে আগামী কয়েক দশকে দুই দেশের কৌশলগত সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে মোদী ও ম্যাক্রোঁ যৌথভাবে ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই উদ্যোগের লক্ষ্য হলো প্রযুক্তি, স্টার্ট-আপ এবং গবেষণার ক্ষেত্রে দুই দেশের মেধাকে এক সুতোয় গাঁথা। ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ যোগ দেওয়ার আগে মুম্বইয়ের এই বৈঠকটি প্রতিরক্ষা ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, ম্যাক্রোঁর এই সফরের কারণে বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারছেন না নরেন্দ্র মোদী। মঙ্গলবার ঢাকার ওই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিতে যাচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ঢাকার পক্ষ থেকে মোদীকে আমন্ত্রণ জানানো হলেও, মুম্বইয়ের পূর্বনির্ধারিত এই কূটনৈতিক ব্যস্ততার কারণেই স্পিকারকে পাঠিয়ে প্রতিবেশী রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণকে সম্মান জানাচ্ছে ভারত।