থানায় অভিযোগ, ফেরত এল ‘স্ত্রীধন’! অবশেষে স্বামী প্রবাহর সঙ্গে বিচ্ছেদের পথে গায়িকা দেবলীনা?

২০২৬ সালের শুরু থেকেই টলিউডের অন্দরে সবথেকে চর্চিত নাম গায়িকা তথা ইউটিউবার দেবলীনা নন্দী। বছরের শুরুতে মধ্যরাতে ফেসবুক লাইভে এসে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা— শিউরে উঠেছিল নেটপাড়া। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল আইনি লড়াইয়ের খবর। গায়িকা তাঁর স্বামী প্রবাহ নন্দী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ সূত্রে খবর, গত জানুয়ারি মাসে দেবলীনা তাঁর স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আনেন। এর প্রেক্ষিতেই ২২ জানুয়ারি প্রবাহ নন্দী ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৪৯৮এ ধারায় মামলা রুজু করে সোনারপুর থানা। ইতিমধেই নন্দী পরিবারকে পুলিশি নোটিশ পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, নোটিশ পেয়েই সপরিবারে থানায় হাজিরা দিয়েছেন প্রবাহ এবং তদন্তে সহযোগিতা করছেন। আপাতত গ্রেফতারি এড়ালেও তদন্ত জারি রয়েছে। পুলিশের সহায়তায় ইতিমধ্যেই দেবলীনা তাঁর ‘স্ত্রীধন’ অর্থাৎ বিয়ের গয়না, আসবাব ও টাকা-পয়সা ফেরত পেয়েছেন। শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটার পাশাপাশি খোরপোশের দাবিও জানিয়েছেন গায়িকা।

দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হাসিখুশি ভ্লগ শেয়ার করা দেবলীনার জীবনের অন্ধকার দিকটি সামনে আসে সেই ভয়াবহ লাইভ ভিডিওর পর। হাসপাতালের বিছানা থেকে বন্ধু সায়ক চক্রবর্তীর ভ্লগে দেবলীনা জানিয়েছিলেন, তাঁর মাকে নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির চরম আপত্তি ছিল। অভিযোগ ওঠে, কেরিয়ারে বাধা দেওয়ার পাশাপাশি তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতনও করা হতো। এমনকি একবার তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটে।

ব্যক্তিগত জীবনের এই চরম টালমাটাল পরিস্থিতির মধ্যেও দেবলীনা কিন্তু দমে যাননি। জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছেন তিনি। সিঁথিতে সিঁদুর না থাকা নিয়ে নেটিজেনদের গুঞ্জন থাকলেও দেবলীনা বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ করেছেন, নিয়মিত ফ্যাশন শ্যুট ও লাইভ শো করছেন। সবথেকে বড় খবর হলো, এরই মধ্যে তিনি পেয়েছেন কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক— প্রথমবার ছবির প্লেব্যাক এবং অভিনয়ের সুযোগ। মানসিকভাবে বিধ্বস্ত অবস্থা কাটিয়ে দেবলীনা এখন স্বাবলম্বী হওয়ার লড়াইয়ে অবিচল।