বিনা টিকিটে ট্রেনে চড়লেই বিপদ! শিয়ালদহ শাখায় ‘জাগৃতি’ স্পেশাল ড্রাইভ, একদিনেই লক্ষ লক্ষ টাকা জরিমানা

আপনি কি প্রায়ই বিনা টিকিটে লোকাল ট্রেনে যাতায়াত করেন? তবে সাবধান! পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন এবার বিনা টিকিটের যাত্রীদের শায়েস্তা করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে। সম্প্রতি ডিভিশন জুড়ে এক বিশাল টিকিট চেকিং অভিযান চালিয়ে ২,১০০-র বেশি অনিয়মিত যাত্রীকে হাতেনাতে পাকড়াও করল রেল কর্তৃপক্ষ। এই বিশেষ অভিযানে মাত্র কয়েক ঘণ্টাতেই আদায় হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার টাকারও বেশি জরিমানা।
রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনের পিসিসিএম-এর নেতৃত্বে ‘জাগৃতি’ নামক একটি বিশেষ ট্রেনে চেপে রেলের উচ্চপদস্থ আধিকারিক ও আরপিএফ বাহিনী শিয়ালদহ-বনগাঁ শাখার দমদম ক্যান্টনমেন্ট থেকে বারাসাত পর্যন্ত ঝটিকা সফর করেন। এই সময়ের মধ্যে আপ ও ডাউন লাইনের প্রতিটি লোকাল ট্রেনে চিরুনি তল্লাশি চালানো হয়। শুধু চলন্ত ট্রেনই নয়, স্টেশনে অপেক্ষারত যাত্রীদের টিকিটও পরীক্ষা করা হয়। অভিযানে মোট ২,১৮২টি মামলা দায়ের হয়েছে। মূলত বিনা টিকিটে ভ্রমণ, ভুল টিকিট ব্যবহার এবং বুকিং ছাড়া অতিরিক্ত মালপত্র বহন করার অপরাধে এই জরিমানা করা হয়েছে।
রেল আধিকারিকরা জানিয়েছেন, এই অভিযানের মূল লক্ষ্য কেবল রাজস্ব আদায় নয়, বরং যাত্রীদের মধ্যে নিয়ম মেনে চলার প্রবণতা তৈরি করা। শিয়ালদহ ডিভিশন স্পষ্ট জানিয়েছে যে, ভবিষ্যতে এই ধরণের আকস্মিক অভিযান আরও বাড়বে। তাই হয়রানি এড়াতে বুকিং কাউন্টার, ATVM বা RailOne অ্যাপের মাধ্যমে বৈধ টিকিট কেটে মর্যাদার সঙ্গে ভ্রমণের আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ।