বিদেশে চরম বেইজ্জতি! মিউনিখে পাক সেনাপ্রধানের পথ আটকালেন নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিওতে হাসির রোল

আন্তর্জাতিক মঞ্চে ফের একবার চরম অস্বস্তির মুখে পড়ল পাকিস্তান। জার্মানির মিউনিখে আয়োজিত হাই-প্রোফাইল নিরাপত্তা কনফারেন্সে যোগ দিতে গিয়ে নিরাপত্তারক্ষীদের হাতে কার্যত হেনস্থার শিকার হলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। যেখানে আমেরিকা, ব্রিটেন, জাপান ও ভারতের মতো দেশের বিদেশমন্ত্রীরা রাজকীয় অভ্যর্থনা পাচ্ছেন, সেখানে পাক সেনাপ্রধানের পথ আটকে পরিচয়পত্র দেখতে চাইলেন নিরাপত্তারক্ষীরা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আসিম মুনির কনফারেন্স হলের দিকে এগিয়ে যাওয়ার সময় এক নিরাপত্তারক্ষী তাঁকে থামিয়ে কর্কশ স্বরে জিজ্ঞাসা করেন, “দাঁড়ান, আপনার আইডি কার্ড কোথায়?” এখানেই শেষ নয়, কার্ডটি দেখার পর ওই রক্ষী নির্দেশ দেন, “আইডি কার্ডটি সামনের দিকে ঝুলিয়ে রাখুন যাতে সবসময় দেখা যায়।” বিদেশের মাটিতে নিজের দেশের সেনাপ্রধানের এই সাধারণ স্তরের ট্রিটমেন্ট দেখে লজ্জায় মুখ পুড়ছে ইসলামাবাদের। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মস্করা করে বলছেন, “যাঁকে নিজের দেশে সবাই ভয় পায়, বিদেশের রক্ষীরা তাঁকে চেনেও না!”
অন্যদিকে, আসিম মুনিরের এই কনফারেন্সে অংশগ্রহণ নিয়ে খোদ পাকিস্তানের একটি সংগঠন ‘জয় সিন্ধু মুত্তাহিদ মেহেজ’ তীব্র আপত্তি জানিয়েছে। তাদের দাবি, পাকিস্তান বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের মদতদাতা, তাই তাদের সেনাপ্রধানের এমন নিরাপত্তা সম্মেলনে থাকার কোনও অধিকার নেই। উল্লেখ্য, এই একই সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, যাঁর দাপুটে উপস্থিতির মাঝে পাক সেনাপ্রধানের এই ‘আইডি কার্ড’ বিভ্রাট পাকিস্তানের কূটনৈতিক দৈন্যদশাকেই প্রকট করে তুলেছে।