ভোটের আগে মাস্টারস্ট্রোক! উত্তরবঙ্গের চা শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে মোদী সরকার?

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের চা বলয় নিজেদের দখলে রাখতে বড়সড় চমক দিতে চলেছে বিজেপি। সূত্রের খবর, উত্তরবঙ্গের চা শ্রমিকদের মন পেতে এবার ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রো-উৎসাহন যোজনা’-র টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা করছে কেন্দ্র। এই নিয়ে ইতিমধ্যেই সংসদে সরব হয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।

রাজনীতির কারবারিদের মতে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের চা বাগানগুলোতে ভোটের সমীকরণ বদলে দিতে পারে এই পদক্ষেপ। ২০২১ সালে কেন্দ্র সরকার অসম ও বাংলার চা বলয়ের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছিল। লক্ষ্য ছিল স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক প্রয়োজনে এই টাকা খরচ করা হবে। কিন্তু বিজেপির অভিযোগ, কেন্দ্র টাকা দিলেও পশ্চিমবঙ্গ সরকার সেই টাকা খরচ করছে না। পালটা তৃণমূলের দাবি, গত পাঁচ বছরে কেন্দ্র এই খাতে এক পয়সাও পাঠায়নি।

এই দড়ি টানাটানির মাঝেই চা পর্ষদ বা টি-বোর্ডের পক্ষ থেকে বাগান ম্যানেজারদের কাছে চিঠি পাঠিয়ে শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। একদিকে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন, নতুন সরকার এসেই চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করবে। ঠিক তখনই বিজেপি সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার’ (DBT)-এর তাস খেলছে। গত লোকসভা ভোটে চা বলয়ে বিজেপির মার্জিন কিছুটা কমায় এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না গেরুয়া শিবির।