কিমের উত্তরসূরি কি কিশোরী কন্যা? পিসি বনাম ভাইঝির ক্ষমতার লড়াইয়ে কাঁপছে উত্তর কোরিয়া!

উত্তর কোরিয়ার লৌহকপাট ভেঙে বেরিয়ে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। পিয়ংইয়ং-এর ক্ষমতার অলিন্দে কি তবে শুরু হতে চলেছে এক রক্তক্ষয়ী পারিবারিক যুদ্ধ? দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (NIS) সূত্রে খবর, কিম জং উনের কিশোরী কন্যা কিম জু আয়ে (Kim Ju Ae) দেশের পরবর্তী শীর্ষ নেতা হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন। আর এই ঘটনা ঘিরেই কিমের অত্যন্ত শক্তিশালী বোন কিম ইয়ো জং-এর সঙ্গে তাঁর ভাইঝির সরাসরি সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, মাত্র ১৩ বছর বয়সী কিম জু আয়ে-কে আনুষ্ঠানিকভাবে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা এখন সময়ের অপেক্ষা মাত্র। চলতি মাসের শেষে উত্তর কোরিয়ার মেগা রাজনৈতিক সম্মেলন ‘ওয়ার্কার্স পার্টি কংগ্রেস’-এ হাজার হাজার প্রতিনিধিদের সামনে কিম তাঁর উত্তরসূরি হিসেবে কন্যার নাম ঘোষণা করতে পারেন। ২০২২ সালে প্রথমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় প্রকাশ্যে আসার পর থেকে কিম জু আয়ে-কে প্রায় প্রতিটি সামরিক কুচকাওয়াজ, অস্ত্র পরীক্ষা এবং কারখানা পরিদর্শনে তাঁর বাবার পাশেই দেখা গিয়েছে। এমনকি বেজিং সফরেও তিনি ছিলেন কিম জং উনের ছায়াসঙ্গী।

তবে এই উত্তরণ খুব একটা মসৃণ হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। উত্তর কোরিয়ার দ্বিতীয় শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত কিম ইয়ো জং (৩৮) এই উত্তরাধিকারের লড়াইয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন। কিম জং উনের এই বোন বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটিতে প্রভাবশালী পদে রয়েছেন এবং সেনাবাহিনীর একাংশের ওপর তাঁর ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন গোয়েন্দা কর্তাদের মতে, সুযোগ পেলে কিম ইয়ো জং শীর্ষ পদের দাবি ছাড়বেন না।

ইতিহাস বলছে, কিম পরিবারে ক্ষমতার লড়াই সবসময়ই ভয়ংকর। কিম জং উন ক্ষমতায় আসার পর তাঁর নিজের কাকা জং সং থায়েককে দেশদ্রোহিতার অভিযোগে ফায়ারিং স্কোয়াডে উড়িয়ে দিয়েছিলেন। এমনকি ২০১৭ সালে মালয়েশিয়ায় তাঁর সৎ ভাই কিম জং ন্যামকে বিষ প্রয়োগে হত্যার নেপথ্যেও কিমের হাত ছিল বলে মনে করা হয়। এই আবহে পিসি বনাম ভাইঝির এই ঠান্ডা লড়াই পরমাণু শক্তিধর দেশটির ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার।