নতুন নায়িকাকে অকথ্য গালিগালাজ! ‘মন মানে না’র বিরুদ্ধে কি নামানো হয়েছে ট্রোল আর্মি?

ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগেই বড়পর্দায় মুক্তি পেয়েছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত আদ্যোপান্ত রোমান্টিক ছবি ‘মন মানে না’। কিন্তু ছবি মুক্তির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুরু হয়েছে এক ‘অদৃশ্য যুদ্ধ’। নবাগতা নায়িকা হিয়া চট্টোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ থেকে শুরু করে ছবির ইতিবাচক রিভিউ দিলেই কপালে জুটছে ‘পেইড রিভিউ’ তকমা। এই পরিস্থিতিতে আর চুপ থাকতে পারলেন না পরিচালক। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন রাহুল মুখোপাধ্যায়।

পরিচালকের দাবি, ছবি মুক্তির পর থেকেই একদল ‘ছায়া’র সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে তাঁদের। শূন্য ফলোয়ার বা কোনো পোস্ট নেই এমন সব ‘ফেক প্রোফাইল’ থেকে নায়িকা হিয়া চট্টোপাধ্যায়ের ইনবক্সে অকথ্য গালাগালি পাঠানো হচ্ছে। এমনকি ছবির চিত্রগ্রাহকের (DOP) কমেন্ট সেকশনেও কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। রাহুল ক্ষোভ উগরে দিয়ে লেখেন, “সিনেমা আমরা সবাই ভালোবেসে বানাই। কিন্তু আমাদের ছবির বিরুদ্ধে ট্রোল আর্মি নামিয়ে বা নেগেটিভ ক্যাম্পেইন করে আমাদের এতটা গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ।”

রাহুল আরও স্পষ্ট করে দিয়েছেন যে, কোনো কর্পোরেট বুকিং বা রিভিউয়ারদের পয়সা দিয়ে ভালো লেখানোর সামর্থ্য তাঁদের নেই। বর্তমানের জনপ্রিয় মিম ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’ নিয়েও কটাক্ষ করেছেন তিনি। তাঁর সাফ কথা, “বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে না, সিটে বসে দেখুন। ভালো না লাগলে স্বচ্ছভাবে বলুন। কিন্তু ফেক প্রোফাইলের ঢাল ব্যবহার করে কদর্য ব্যক্তিগত আক্রমণ করবেন না।” উল্লেখ্য, ‘মন মানে না’ ছবিতে অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায়, হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক ও শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো তারকারা। একটি ভালো ছবির ভবিষ্যৎ কি তবে এই ডিজিটাল ষড়যন্ত্রের হাতেই আটকে থাকবে? প্রশ্ন তুলছে টলিউডের একাংশ।