হাল ছেড়ে দিলেই শেষ!’ লাগাতার ট্রোলিংয়ের মুখে বিষ্ফোরক অর্জুন কাপুর, কীসের ইঙ্গিত দিলেন অভিনেতা?

সোশ্যাল মিডিয়ায় বিষাক্ত ট্রোলিং এবং মিমের বন্যা! গত এক বছর ধরে অর্জুন কাপুরকে নিয়ে নেটপাড়ায় যে পরিমাণ বিদ্রুপ চলছে, তা সহ্য করা যেকোনো মানুষের পক্ষেই কঠিন। ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবির পুরনো ক্লিপ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন—অর্জুনকে আক্রমণ করার কোনো সুযোগই ছাড়ছেন না নেটিজেনরা। এই চরম মানসিক চাপের মাঝেই এবার নীরবতা ভাঙলেন অভিনেতা। তবে সরাসরি কোনো ঝগড়া নয়, বরং একটি রহস্যময় ও তাৎপর্যপূর্ণ বার্তার মাধ্যমে নিজের মনের অবস্থা তুলে ধরলেন তিনি।

রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুন লেখেন, “পথ চলতে থাকলে অনুতাপ থাকবে না। হাল ছেড়ে দিলেই থাকবে।” অভিনেতার এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনদের একাংশের ধারণা, লাগাতার ব্যর্থতা এবং সোশ্যাল মিডিয়া বুলিংয়ের শিকার হয়ে অর্জুন কি তবে অভিনয় জগত থেকে বিরতি নেওয়ার কথা ভাবছেন? নাকি এই বার্তার মাধ্যমে তিনি ট্রোলারদের বুঝিয়ে দিলেন যে, তিনি দমে যাওয়ার পাত্র নন?

সম্প্রতি পরিস্থিতির এতটাই অবনতি হয়েছিল যে, নিজের প্রোফাইলে কমেন্ট সেকশন বন্ধ করতে বাধ্য হয়েছিলেন অর্জুন। ২০২৫ সালের অন্যতম বিতর্কিত অনলাইন ট্রেন্ড হিসেবে তাঁর নাম উঠে এসেছে। এর মধ্যেই প্রয়াত মা মোনা শৌরি কাপুরের জন্মবার্ষিকীতে আবেগঘন হয়ে পড়েন তিনি। সেখানেও অর্জুন লিখেছিলেন, “ইদানীং জীবনটা একটু কঠিন হয়ে উঠেছে মা… তবে আমি লড়াই করতে জানি।” অর্জুনের এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন বোন জাহ্নবী কাপুর, খুশি কাপুর এবং ইন্ডাস্ট্রির জোয়া আখতার, রাকুল প্রীত সিংয়ের মতো তারকারা। ২০১২ সালে ‘ইশাকজাদে’ দিয়ে বলিউড সফর শুরু করা অর্জুন ‘টু স্টেটস’ বা ‘কি অ্যান্ড কা’-র মতো হিট দিলেও, বর্তমানে তাঁর কেরিয়ার গ্রাফ কিছুটা নিম্নমুখী। তবে মিমের আড়ালে থাকা মানুষটার যন্ত্রণা এবার ফুটে উঠল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। শেষ পর্যন্ত অর্জুন এই ‘ভার্চুয়াল যুদ্ধ’ জয় করে ঘুরে দাঁড়াতে পারেন কি না, সেটাই এখন দেখার।