মৃত্যুর মুখ থেকে ফিরে আসা! চলন্ত গাড়িতে হঠাৎ আগুনের গোল্লা, কঙ্কালসার দশা দেখে কী বললেন চিকিৎসক দম্পতি?

চলন্ত গাড়ির বনেটের তলা থেকে বেরোচ্ছে কুণ্ডলী পাকানো ধোঁয়া। পরিস্থিতি বেগতিক বুঝে সময় নষ্ট না করে চলন্ত গাড়ি থেকেই রাস্তায় লাফ দিলেন এক চিকিৎসক দম্পতি। আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই দাউদাউ করে জ্বলে উঠল আস্ত গাড়িটি। রবিবার ভোরে মহারাষ্ট্রের বিড জেলার মাঞ্জরসুম্বা-পাটোদা রোডে এই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ জানিয়েছে, রবিবার ভোর সোয়া ৬টা নাগাদ ওই চিকিৎসক দম্পতি নিজেদের ব্যক্তিগত কাজে কোথাও যাচ্ছিলেন। মহাজনওয়াড়ি মোড়ের কাছে পৌঁছাতেই তাঁরা লক্ষ্য করেন গাড়ির সামনের অংশ থেকে অস্বাভাবিক ধোঁয়া বেরোচ্ছে। কোনও যান্ত্রিক বিভ্রাট ঘটেছে বুঝতে পেরে তাঁরা দ্রুত গাড়ি থামিয়ে নেমে যান। দম্পতি নামার কয়েক মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা গাড়িটিকে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে শেষ পর্যন্ত গাড়িটি লোহার কঙ্কালে পরিণত হয়েছে।

ঘটনাস্থলে ছুটে আসেন মহাজনওয়াড়ির সরপঞ্চ এবং স্থানীয় বাসিন্দারা। তাঁদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গাড়িটিকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, “তাঁরা সময়মতো নেমে গিয়েছিলেন বলেই আজ প্রাণরক্ষা হয়েছে।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ইঞ্জিনে শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।