ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির ম্যাজিক! শেয়ার বাজারে ফিরল বিদেশি বিনিয়োগের জোয়ার, ১৫ দিনে এল ২০ হাজার কোটি

ভারত ও আমেরিকার মধ্যে সাম্প্রতিক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি শুধু বিশ্ব রাজনীতি নয়, ভারতীয় শেয়ার বাজারের ভাগ্যও আমূল বদলে দিয়েছে। গত তিন মাস ধরে ভারতীয় বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়া বিদেশি বিনিয়োগকারীরা (FPI) ফেব্রুয়ারিতে ফের প্রবল উৎসাহে ফিরতে শুরু করেছেন। পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনেই ভারতীয় ইক্যুইটি বাজারে প্রায় ১৯,৬৭৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে।
ডিপোজিটরি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত তিন মাস ধরে বিদেশি বিনিয়োগকারীরা ক্রমাগত শেয়ার বিক্রি করে আসছিলেন। গত বছর অর্থাৎ ২০২৫ সাল ছিল ভারতীয় বাজারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, যখন বিদেশি বিনিয়োগকারীরা রেকর্ড ১.৬৬ লক্ষ কোটি টাকা বাজার থেকে তুলে নিয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতেও প্রায় ৩৬ হাজার কোটি টাকা বাজার থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু ফেব্রুয়ারিতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১১টি ট্রেডিং সেশনের মধ্যে ৭টিতেই বিদেশি লগ্নিকারীরা ছিলেন ‘নিট বায়ার’ বা ক্রেতা।
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত ও আমেরিকার মধ্যে নতুন বাণিজ্যিক সমীকরণ বিনিয়োগকারীদের মনে প্রবল আস্থার সঞ্চার করেছে। তবে আইটি সেক্টরে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। গত সপ্তাহে আইটি সূচকে ৮.২ শতাংশ পতন এবং ১৩ ফেব্রুয়ারি নিফটির বড়সড় ধসের কারণে প্রায় ৭,৩৯৫ কোটি টাকার শেয়ার বিক্রি হলেও, সামগ্রিক বিনিয়োগের চিত্রটি ইতিবাচক। যদি এই ধারা বজায় থাকে, তবে ২০২৬ সাল ভারতীয় অর্থনীতির জন্য রেকর্ড ভাঙা বছর হতে চলেছে।