২৯৯-এর পর এবার অবিশ্বাস্য সেঞ্চুরি! রঞ্জির সেমিফাইনালে সুদীপ-ঝড়ে কাঁপছে জম্মু-কাশ্মীর

বাংলা ক্রিকেটের আকাশে বর্তমানে উজ্জ্বলতম নক্ষত্রের নাম সুদীপ ঘরামি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ২৯৯ রানের সেই মহাকাব্যিক ইনিংসের রেশ কাটতে না কাটতেই এবার রঞ্জি ট্রফির সেমিফাইনালে জ্বলে উঠলেন তিনি। কল্যাণীর মাঠে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের প্রথম দিনেই শতরান হাঁকিয়ে বাংলার হাল ধরলেন ২৬ বছরের এই তরুণ তুর্কি। দিনের শেষে সুদীপ অপরাজিত রয়েছেন ১৩৬ রানে। তাঁর এই লড়াকু ইনিংসের সৌজন্যে ৫ উইকেটে ২৪৯ রান তুলে প্রথম দিনের শেষে সুবিধাজনক অবস্থানে বাংলা।

খেলার শুরুতে অভিমন্যু ঈশ্বরণ (৪৯) আউট হওয়ার পর হঠাৎই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল বাংলা। সুদীপ চ্যাটার্জি ও সূরজ সিন্ধু জয়সওয়াল দুজনেই খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। অনুষ্টুপ মজুমদারও (১৪) বেশিক্ষণ টেকেননি। ১ উইকেটে ৮৯ থেকে মুহূর্তের মধ্যে বাংলার স্কোর হয়ে গিয়েছিল ৩ উইকেটে ৯২। এই সংকটময় পরিস্থিতিতে শাহবাজ আহমেদকে (৪২) সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন সুদীপ। ষষ্ঠ উইকেটে তাঁরা ৯৪ রান যোগ করেন। তবে দিনের শেষ বলে শাহবাজ আউট হওয়ায় কিছুটা অস্বস্তি বেড়েছে বাংলা শিবিরে।

সুদীপের এই ইনিংসের পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। বর্তমানে তিনি ২২৭ বলে ১৩৬ রান করে ক্রিজে রয়েছেন, যা সাজানো ১৯টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে। আশ্চর্যের বিষয় হলো, এই কল্যাণীর মাঠেই গত ম্যাচে তিনি ৫৯৬টি বল খেলেছিলেন। সব মিলিয়ে দুই ম্যাচে গত কয়েক দিনে মোট ৮২০টি বল খেলে ফেললেন সুদীপ। ব্যক্তিগত মাইলস্টোন নয়, বরং দলের রানকে ৪০০-র গণ্ডি পার করানোই এখন তাঁর লক্ষ্য। আগামিকাল সুদীপ তাঁর ইনিংসকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে যেতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার ক্রিকেট প্রেমীরা।