চাকিং লুকোতেই কি লম্বা হাতা? পাক স্পিনারের বোলিং নিয়ে আইসিসি-র দরবারে ইরফান পাঠান!

ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ দ্বৈরথের আগে নতুন করে দানা বাঁধল বিতর্ক। তবে এবার ২২ গজের লড়াই নয়, বিতর্কের কেন্দ্রে পাকিস্তানের মিস্ট্রি স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন। ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান সরাসরি আইসিসি-র কাছে আবেদন জানিয়েছেন, পাকিস্তান ম্যাচে বোলিং করার সময় তারিক যেন কোনোভাবেই ফুল স্লিভ বা লম্বা হাতার জার্সি পরে বল না করেন।

ইরফানের মতে, অনেক বোলারই তাঁদের বোলিং অ্যাকশনের ত্রুটি বা হাতের অবৈধ বাঁক (Chucking) আড়াল করতে লম্বা হাতার জামা ব্যবহার করেন। উসমান তারিকের অদ্ভুত রান-আপ এবং ডেলিভারির সময় হঠাৎ থমকে যাওয়ার ভঙ্গি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। যদিও আইসিসি তাঁকে দু’বার ক্লিনচিট দিয়েছে, কিন্তু ইরফান মনে করছেন, ফুল স্লিভ পরে বল করলে আম্পায়ারদের পক্ষে তাঁর হাতের সঠিক মুভমেন্ট লক্ষ্য করা কঠিন হয়ে পড়ে।

নিজের ইউটিউব চ্যানেলে ইরফান পাঠান বলেন, “অতীতে যাদের অ্যাকশন নিয়ে সন্দেহ ছিল, তারা লম্বা হাতা পরে সুবিধা নেওয়ার চেষ্টা করত। আইসিসি-র উচিত সন্দেহজনক অ্যাকশনের বোলারদের হাফ স্লিভ পরে বল করতে বাধ্য করা। বিশেষ করে তারিক যখন রান-আপের মাঝে থেমে হঠাৎ গতি বাড়ান, তখন তাঁর কনুইয়ের অবস্থান খালি চোখে ধরা কঠিন হয়।” লেজেন্ডস লিগের আম্পায়ার অজয় ভার্মাও পাঠানের সুরে সুর মিলিয়ে জানিয়েছেন, এমন অ্যাকশন ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে। এখন দেখার, চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মেগা ম্যাচের আগে ইরফানের এই আবেদন আইসিসি কতটা গুরুত্ব সহকারে বিচার করে।