মেয়াদ শেষের পথে! ইউনূস কি এবার বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? তুঙ্গে জল্পনা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের মেয়াদ এখন অন্তিম পর্যায়ে। ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির বিশাল জয়ের পর এখন সবার নজর—ইউনূসের পরবর্তী গন্তব্য কোথায়? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তাঁকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখা যেতে পারে। যদিও ইউনূসের সচিবালয় থেকে এই সম্ভাবনা নিয়ে ভিন্ন বার্তা দেওয়া হচ্ছে।
তারেক রহমানের ঘনিষ্ঠ উপদেষ্টা হুমায়ুন কবির সম্প্রতি জানিয়েছেন, অধ্যাপক ইউনূসের জন্য নির্দিষ্ট কোনও পদ এখনও চূড়ান্ত না হলেও, তাঁর আন্তর্জাতিক খ্যাতি ও অভিজ্ঞতাকে দেশ গড়ার কাজে ব্যবহার করতে আগ্রহী বিএনপি নেতৃত্ব। তারেক রহমান সরকারে ‘সেরা খেলোয়াড়দের’ অন্তর্ভুক্ত করতে চান এবং সেক্ষেত্রে ইউনূস হতে পারেন সবচেয়ে বড় কূটনৈতিক সম্পদ। বিশেষ করে আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তাঁর জুড়ি মেলা ভার।
তবে মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সম্পূর্ণ অন্য কথা বলছেন। তাঁর দাবি, ইউনূসের রাজনীতিতে কোনও আগ্রহ নেই। শফিকুল আলমের কথায়, “স্যারের ভবিষ্যৎ পরিকল্পনা হলো তাঁর পুরনো কাজ অর্থাৎ সামাজিক ব্যবসায় ফিরে যাওয়া। তিনি তাঁর ‘থ্রি জিরো’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ) তত্ত্ব বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে চান এবং তরুণদের নিয়ে নতুন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী।”
এখন প্রশ্ন হলো, দেশ ও দশের স্বার্থে তারেক রহমানের প্রস্তাব কি শেষ পর্যন্ত গ্রহণ করবেন ইউনূস? নাকি ক্ষমতার অলিন্দ থেকে বিদায় নিয়ে আবারও ফিরে যাবেন বিশ্বমঞ্চে সামাজিক সংস্কারের কাজে? এই মুহূর্তে তারেক রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নব্য নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিদায়ী প্রধান উপদেষ্টার পরবর্তী বৈঠকেই স্পষ্ট হতে পারে বাংলাদেশের এই ‘মাস্টারমাইন্ড’-এর ভবিষ্যৎ ভূমিকা।