মুম্বইয়ে মেট্রোর মরণফাঁদ! হুড়মুড়িয়ে অটোয় ওপর পড়ল স্ল্যাব, প্রমোদতরীর শহর এখন রক্তস্নাত!

মায়ানগরী মুম্বইয়ে মেট্রোর নির্মীয়মাণ প্রকল্পের বড়সড় গাফিলতির জেরে ঝরল তাজা প্রাণ। শনিবার বিকেলে মুম্বইয়ের মুলুন্দ এলাকার এলবিএস মার্গে মেট্রো লাইন-৪-এর একটি বিশালাকার কংক্রিট স্ল্যাব আচমকাই ছিঁড়ে পড়ে রাস্তার ওপর। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রামধন যাদব (৫২) নামের এক ব্যক্তির, যিনি স্থানীয় সমাজবাদী পার্টির নেতা ও গ্রাম প্রধান হিসেবে পরিচিত ছিলেন। একটি অটোয় চেপে বিয়েবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র সরকার। কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই কন্ট্রাক্টর সংস্থা ‘Milan Road Buildtech’ এবং পরামর্শদাতা সংস্থা ‘Louis Berger’-এর প্রোজেক্ট ডিরেক্টর হরিশ চৌহানসহ মোট ৫ জন পদস্থ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন দুই প্রোজেক্ট ম্যানেজারও। পাশাপাশি, রাজ্য সরকারের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সত্যজিৎ সালভেকে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
গাফিলতির চূড়ান্ত শাস্তি হিসেবে সংশ্লিষ্ট কন্ট্রাক্টর ও কনসালট্যান্ট সংস্থাকে সম্মিলিতভাবে ৬ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মৃত রামধন যাদবের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, ওয়াডালা থেকে থানে সংযোগকারী এই মেট্রো লাইনের পরিকাঠামোগত নিরাপত্তা নতুন করে খতিয়ে না দেখা পর্যন্ত কাজ এগোবে না। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও উচ্চপর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছেন এবং জানিয়েছেন, দোষী কাউকে রেয়াত করা হবে না।